টানা ইন্টারনেট নিষেধাজ্ঞার জেরে কাশ্মীরে বন্ধ হয়ে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। ইতিমধ্যে ভারত নিয়ন্ত্রিত অঞ্চলটিতে ইন্টারনেট নিষেধাজ্ঞার ১২০ দিন পেরিয়ে গেছে।
হোয়াটসঅ্যাপের নীতি অনুসারে, ১২০ দিন ধরে কারও অ্যাকাউন্ট অচল থাকলে সেটি বন্ধ হয়ে যায়। এমন পরিস্থিতিতে কাশ্মীরিদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাচ্ছে।
আনন্দবাজার পত্রিকা জানায়, বৃহস্পতিবার অনেক কাশ্মীরি টুইটারে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে নেওয়া স্ক্রিনশট পোস্ট করেন। তাতে দেখা যাচ্ছে, গ্রুপগুলো থেকে কাশ্মীরি হোয়াটসঅ্যাপ গ্রাহকেরা বেরিয়ে যাচ্ছেন।
যুক্তরাজ্যপ্রবাসী কাশ্মীরি চিকিৎসক মুদাসির ফেরদৌসী বলেন, ‘প্রথমে ভেবেছিলাম কাশ্মীরে ইন্টারনেট চালু হয়েছে। গ্রাহকেরাই গ্রুপ ছাড়ছেন। পরে বুঝলাম বিষয়টি তা নয়।’
দেরাদুন প্রবাসী কাশ্মীরি পড়ুয়া সোহেল লাইসার বলেন, ‘দেখলাম কাশ্মীর নিয়ে খবর ও ছবি শেয়ার হয় এমন এক গ্রুপ থেকে অনেক কাশ্মীরি বেরিয়ে গেলেন।’
এ নিয়ে টুইট করে হোয়াটসঅ্যাপকে ট্যাগ করেছেন কাশ্মীরি রাজনীতিক শেহলা রশিদ।
হোয়াটসঅ্যাপের নিয়ন্ত্রক সংস্থা ফেসবুকের মুখপাত্র মানছেন, ১২০ দিন নিষ্ক্রিয় থাকলে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায়। নিরাপত্তা ও তথ্য মজুত রাখার ওপরে নিয়ন্ত্রণ রাখতে কোম্পানিটির এমন পদক্ষেপ।
অনেকের মতে, কাশ্মীরিদের ডিজিটাল উপস্থিতির বড় অংশ নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু তা তারা জানতেও পারছেন না।
প্রসঙ্গত, ৫ আগস্ট ৩৭০ ধারা বাতিল করে কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নেয় ভারতের বিজেপি সরকার। তার আগের দিন থেকে কঠোর নিরাপত্তা পরিস্থিতি জারি করা হয়। সব ধরনের টেলিযোগাযোগ ও ইন্টারনেট সংযোগ বন্ধ রাখা হয়। নিষেধাজ্ঞার ৭০ দিন পর মোবাইল নেটওয়ার্ক চালু হলেও বন্ধ রয়েছে ইন্টারনেট।
