‘এনকাউন্টারে’ চার ধর্ষকের মৃত্যুতে খুশি তারকারা

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৯, ০৪:১১ পিএম

হায়দরাবাদের পশু চিকিত্‍‌সককে ধর্ষণ ও খুনের ঘটনায় পুলিশের ‘এনকাউন্টারে’ মৃত্যু হয়েছে চার অভিযুক্তের।

ধর্ষিতা তরুণীর গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। ঘটনাস্থলে শুক্রবার ভোর রাতে ঘটনাস্থলে তাদের নিয়ে যায় ‍পুলিশ। তখনই অস্ত্র ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে অভিযুক্তরা।

এরপর শুরু হয় এনকাউন্টার। পুলিশের গুলিয়ে মৃত্যু হয় চার অভিযুক্তেরই।

কলকাতার এই সময় জানায়, এনকাউন্টার নিয়ে প্রশ্ন উঠলেও এই ঘটনায় তেলেঙ্গানা পুলিশকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই। নির্যাতিতার পরিবার থেকে শুরু নির্ভয়ার মা, বিশিষ্ট ব্যক্তি থেকে সাধারণ মানুষ- অনেকেই পুলিশের ভূমিকার প্রশংসা করেছেন। বাদ যাননি সেলিব্রিটিরাও।

বলিউডের ঋষি কাপুর, অনুপম খের, রঙ্গোলি চান্দেল, রণবীর শোরের মতো অনেকের পাশাপাশি মুখ খুলেছে টলিউডও। পুলিশের প্রশংসায় পঞ্চমুখ প্রসেনজিত্‍‌ চট্টোপাধ্যায় ও শতাব্দী রায়রা।

অভিনেত্রী ও তৃণমূল সাংসদ শতাব্দী রায় বলেছেন, “একদম ঠিক হয়েছে, খুব ভালো হয়েছে, উচিত শাস্তি। হয়তো অনেকে প্রশ্ন তুলবেন, সাংসদ হিসেবে এই কথা বলছি। এমন না-হলে নির্ভয়া কাণ্ডের মতো সাত বছর লাগত, তাও সাজা হতো না। অপরাধীরা জেলে বসে বিরিয়ানি খেত।”

তেলেঙ্গানা পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন বিজেপি সাংসদ তথা অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায়ও।

এ দিকে কয়েক দিন আগে ধর্ষকদের রাস্তায় পিটিয়ে মারার কথা বলে বিতর্কিত হন অভিনেত্রী-সাংসদ জয়া বচ্চন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত