বিএন‌পির আইনজীবীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রয়োজন: তথ্যমন্ত্রী

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৯, ০১:০৮ এএম

দেশে আইনের শাসন বজায় রাখার স্বার্থে ও বিচারপতিদের সম্মান রক্ষার্থে সর্বোচ্চ আদালত অবমাননাকারী বিএনপির আইনজীবীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ প্রয়োজন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শুক্রবার রাত সাড়ে আটটায় চট্টগ্রামের জিইসি মোড়ে কে-স্কয়ার মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম-এর যুগপূর্তি উপলক্ষে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন শুনানি এক সপ্তাহ পেছানোতে বিএনপির আইনজীবীদের হট্টগোলের কারণে প্রধান বিচারপতিসহ বিচারপতিবৃন্দকে এজলাস ছাড়তে হয় উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, নজিরবিহীন ও ন্যক্কারজনক ঘটনা শুধু নিন্দনীয়ই নয়, দেশের সামগ্রিক আইন-আদালতের প্রতি হুমকি ও সর্বোচ্চ আদালতকে অবজ্ঞা-অসম্মানের শামিল। দেশে আইনের শাসন বজায় রাখার স্বার্থে এঘটনার জন্য দায়ীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেয়া আবশ্যক।

তিনি বলেন, বেগম জিয়ার জামিন হবে কি হবে না, সে বিষয়ে শুনানি পেছানোতেই যদি সর্বোচ্চ আদালতে হট্টগোল হয়, জামিন হলে তারা জ্বালাও-পোড়াও করে কতটা অরাজকতা করবে, সেটি গভীর উদ্বেগের বিষয়।

ড. হাছান মাহম‌ুদ বলেন, তারা যে এই প্রথম এই ধরনের ঘটনা ঘটিয়েছে তা নয়। আপনাদের মনে আছে, অতীতে তারা প্রধান বিচারপতির দরজায় লাথি মেরেছিল। তাদের ঔদ্ধত্যপূর্ণ আচরণ আদালতের প্রতি হুমকিস্বরূপ এবং আইন-আদালতের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত