বর্তমান সংবিধান দিয়ে প্রকৃত গণতন্ত্রের স্বাদ গ্রহণ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের। তিনি বলেছেন, ‘আমরা সংসদীয় পদ্ধতির আসল ধারণা গ্রহণ করতে পারিনি। ৭০ ধারা অনুযায়ী সংসদ সদস্যরা নিজেদের বিবেক-বুদ্ধি বা বিবেচনার ওপরে সিদ্ধান্ত নিতে পারে না। দলের বাইরে তারা যেতে পারে না। সংসদকে সকল কর্মকাণ্ডের আসল কেন্দ্রবিন্দু করা আমাদের সংবিধান অ্যালাও করে না এবং সংসদের কাছে মন্ত্রীদের জবাবদিহিতাও অ্যালাও করে না। সরকারদলীয় সংসদ সদস্যরা মন্ত্রীদের কর্মকাণ্ডের বিরোধিতা করতে পারে না। এই সংবিধান অনুযায়ী সম্পূর্ণ গণতান্ত্রিক চর্চা আমরা করতে পারছি না।’ গতকাল শুক্রবার রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে ‘সংবিধান সংরক্ষণ দিবস’ উপলক্ষে জাপা ঢাকা মহানগর উত্তর আয়োজিত আলোচনা সভায় জি এম কাদের এসব কথা বলেন।
জাপা মহাসচিব বলেন, যদি সংবিধানের ৭০ ধারা উঠিয়ে দেওয়া হয় এবং এমপিরা সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দিতে পারে, তাহলে সরকারের স্থায়িত্ব কম হবে। এতে প্রতি মাসেও সরকার পরিবর্তন হতে পারে। কোনো বিল পাস করতেও সমস্যা হবে সরকারের।
