প্রথমার্ধে সতীর্থকে দিয়ে গোল করানোর পর দ্বিতীয়ার্ধে জালের দেখা পেয়েছেন নিজেও। তাতে তলানির দিকে থাকা এস্পানিওলকে হারিয়ে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ।
নিজেদের মাঠ সান্তিয়াগো বের্নাবেউয়ে শনিবার স্থানীয় সময় বিকালে স্পেনের শীর্ষ লিগের ম্যাচটিতে ২-০ গোলের জয় পায় জিনেদিন জিদানের দল। একটি করে গোল করে দলের জয়ে রাখেন রাফায়েল ভারানে ও বেনজেমা।
এই জয়ে লা লিগার পয়েন্ট টেবিলে শীর্ষে উঠে এসেছে রিয়াল। দলটির পয়েন্ট পনেরো ম্যাচে ৩৪। ৩১ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে লিগের গত দুই আসরের চ্যাম্পিয়ন বার্সেলোনা। অবশ্য শনিবার রাতেই নিজেদের মাঠে মায়োরকার মুখোমুখি হবে কাতালান ক্লাবটি। তাতে জয় পেলে রিয়ালকে দ্বিতীয়স্থানে নামিয়ে দিয়ে ফের শীর্ষে উঠে আসবে লিওনেল মেসিরা।
নিজেদের মাঠে ম্যাচের শুরু থেকেই বল দখলে ও আক্রমণে আধিপত্য দেখায় রিয়াল। কিন্তু গোল পেতে খানিকটা দেরি হয়। ৩৭তম মিনিটে দলকে এগিয়ে নেন ভারানে। স্বদেশি বেনজেমার পাসে ডি-বক্সের মাঝামাঝি থেকে গোলটি করেন ফরাসি এই সেন্টার-ব্যাক। এই গোলেই এগিয়ে থেকে বিরতিতে যায় রিয়াল।
৭৯তম মিনিটে বেনজেমার গোলে ব্যবধান দ্বিগুন হয়। উরুগুয়ের তরুণ মিডফিল্ডার ফেদেরিকো ভালভেরদের গোলটি করেন দারুণ ফর্মে থাকা এই রিয়াল স্ট্রাইকার। চলতি লিগে এই নিয়ে দশটি গোল করলেন বেনজেমা।
বেশ কয়েকবার রিয়ালের রক্ষণভাগে ভীতি ছড়ালেও গোলের দেখা পায়নি এস্পানিওল। ষোলো ম্যাচে মাত্র ৯ পয়েন্ট নিয়ে কুড়ি দলের মধ্যে দলটির অবস্থান উনিশতম।
