গোপনে প্রেম, বিয়ে, অন্তঃসত্ত্বা হওয়ার পর পাল্টে গেল আওয়ামী লীগ নেতার রূপ

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৯, ১১:৪৫ পিএম

ঢাকার ধামরাইয়ে যৌতুকের দাবিতে সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে নির্যাতনের অভিযোগে সাবেক ইউপি চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

শুক্রবার রাতে উপজেলার নান্নার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল বাশার বাদশার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন তার স্ত্রী লিপি আক্তার।

এলাকাবাসী ও মামলা সূত্রে জানা গেছে, ধামরাইয়ের নান্নার গ্রামের তারু মিয়ার মেয়ে স্বামী পরিত্যক্তা লিপি আক্তারের সঙ্গে (৩৫) গোপনে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন দুই সন্তানের বাবা আবুল বাশার বাদশা। একপর্যায়ে গত তিন বছর আগে তাকে কাবিন রেজিস্ট্রি করে বিয়েও করেন বাদশা। এরপর তারা বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করতে থাকেন। সম্প্রতি লিপি আক্তার সাত মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তার গর্ভের সন্তান নষ্ট করতে বলেন বাদশা। কিন্তু স্বামীর কথা না শোনায় এই সন্তান তার নয় দাবি করে বিভিন্ন অজুহাতে স্ত্রীকে নির্যাতন করতে থাকেন বাদশা। একপর্যায়ে স্ত্রীর কাছে যৌতুক দাবি করে এবং বাচ্চা নষ্ট না করলে তাকে হত্যারও হুমকি দেন তিনি।

এ ঘটনায় ভুক্তভোগী স্ত্রী লিপি আক্তার বাদী হয়ে শুক্রবার রাতে আবুল বাশার বাদশার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধামরাই থানায় একটি মামলা দায়ের করেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে আবুল বাশার বাদশা ওই নারীকে বিয়ে করার কথা অস্বীকার করে বলেন, লিপির গর্ভের সন্তান আমার নয়, অন্যের।

তবে ভুক্তভোগী লিপি জানায় গর্ভের সন্তান নষ্ট করার জন্য আমাকে বারবার তাগিদ দিয়েছে বাদশা। তা না করায় সে আমাকে হত্যার হুমকি দেয়।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, লিপির বিয়ের কাবিননামা রয়েছে। তার স্বামী আবুল বাসার বাদশা তাকে যৌতুকের দাবিতে নির্যাতন করেছে বলে থানায় মামলা করেছে। এ ঘটনায় তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত