বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রস্তাব বাতিলের দাবিতে গণস্বাক্ষর

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৯, ১২:৪৯ এএম

বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রস্তাব বাতিলের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালন করছে ‘বাংলাদেশ গ্রাহক অ্যাসোসিয়েশন ও সাধারণ নাগরিক সমাজের’ কর্মীরা।

শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে সপ্তাহব্যাপী এ কর্মসূচি শুরু হয়। আগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত ঢাকার বিভিন্ন স্থানে এ কর্মসূচি চলবে।

কর্মসূচিতে সংহতি জানাতে আসা সিপিবির সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, সরকারি বিদ্যুৎকেন্দ্রগুলোকে আধুনিকায়ন না করেই বেসরকারি লুটেরা ধনিকশ্রেণির হাতে বিদ্যুৎ খাত তুলে দেওয়া হচ্ছে। ধনিকশ্রেণির লুটপাটের স্বার্থেই বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে। এটা অনৈতিক ও অন্যায়।

বাংলাদেশ মোবাইল ফোন গ্রাহক অ্যাসোসিয়েশন সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, সরকার অনৈতিকভাবে বিদ্যুতের দাম বাড়ানোর চেষ্টা করছে। আমরা গণশুনানিতে দেখতে পেরেছি বিদ্যzৎ সঞ্চালন, বিতরণকারী প্রতিষ্ঠানগুলো লাভে রয়েছে। তাদের কোনো ঘাটতি নেই। শুধু পিডিবির কতিপয় বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানকে সুবিধা দেওয়ার জন্য  ৮ হাজার ৬০০ কোটি টাকা ঘাটতি পূরণের দায় জনগণের ওপর চাপিয়ে দিয়েছে।

তিনি বলেন, জনগণের মতামত তুলে ধরতে আজকে আমরা এই গণস্বাক্ষর কর্মসূচি পালন করছি। সাধারণ মানুষ আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে। তারা স্বতঃস্ফূর্তভাবে স্বাক্ষর করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত