যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি নৌবাহিনী ঘাঁটিতে শুক্রবার হামলার আগে ‘মাস শুটিং তথা নির্বিচার গুলির’ ভিডিও দেখেছিলেন প্রশিক্ষণার্থী সৌদি বিমান বাহিনীর সদস্য।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে রবিবার এমন তথ্য দিয়েছে বিবিসি।
ফ্লোরিডার পেন্সকোলা ঘাঁটিতে শ্রেণিকক্ষে তিন নৌসেনাকে হত্যার পর মোহাম্মদ আল-শামরানি নামের ওই সৌদি বিমানবাহিনী সদস্যকেও গুলি করে হত্যা করা হয়।
মার্কিন নৌবাহিনী জানায়, ‘এমন অশুভ মুহূর্তের মুখোমুখি হয়ে নৌসেনারা নজিরবিহীন বীরত্ব ও সাহসিকতা দেখিয়েছেন।’
নিহত তিন নৌসেনা হলেন- জশুয়া কালেব ওয়াটসন (২৩), মোহাম্মদ সামেহ হাইছাম (১৯) এবং ক্যামেরন স্কট ওয়াল্টারস (২১)।
এ ঘটনায় কয়েকজন সৌদি প্রশিক্ষণার্থীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। অবশ্য তারা ওই ঘটনায় জড়িত এমন অভিযোগ করেনি কর্তৃপক্ষ।
তদন্ত নিয়ে ব্রিফিং করা এক কর্মকর্তার নাম উল্লেখ না করে কয়েকটি মার্কিন সংবাদমাধ্যম জানায়, সপ্তাহের শুরুতে এক ডিনারে ‘মাস শুটিং তথা নির্বিচার গুলির’ একটি ভিডিও দেখছিলেন হামলাকারী। তার টুইটে মার্কিনবিরোধী পোস্ট ছিল বলে জানায় একটি জিহাদি পর্যবেক্ষক গ্রুপ।
তবে এখনই এই ঘটনাকে ‘সন্ত্রাসবাদী’ হামলা বলতে চান না যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার। তিনি বলেন, অবশ্যই তদন্তকারীদের ঘটনাটি খতিয়ে দেখার সুযোগ দেওয়া উচিত।
