বুড়িগঙ্গা সেতু (পোস্তগোলা ব্রিজ) থেকে নদীতে ফেলে কানিজ ফাতেমা সাম্মু (৩৫) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগে তার স্বামী রিপনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই মো. মনছুর জানান, সাম্মু ও রিপনের ২০০৭ সালে বিয়ে হয়। দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেলেও তাদের কোনো সন্তান হয়নি। পারিবারিক কলহ ছিল তাদের নিত্যসঙ্গী। শনিবার সন্ধ্যায়ও তাদের ঝগড়া হয়। পরে রাত আনুমানিক ১০টার দিকে রিপন ঘুরতে বের হওয়ার কথা বলে সাম্মুকে নিয়ে পোস্তগোলা ব্রিজের ওপরে যান। মাঝামাঝি এলে তিনি সাম্মুকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দেন। ঘটনাটি পথচারীদের নজরে এলে তারা রিপনকে আটক করে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় খবর দেয়। পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে।
এসআই আরও বলেন, খবর পেয়ে পরিবারের লোকজন সারা রাত সাম্মুকে খুঁজতে থাকেন। পরে সকালে হাসনাবাদ মোকামপাড়া এলাকায় বুড়িগঙ্গা নদীর তীরে তার লাশ ভেসে ওঠে। ময়নাতদন্তের জন্য লাশ মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সাম্মুর ছোট বোন রিফাত ফাতেমা এ ঘটনায় হত্যা মামলা দায়ের করেছেন।
