গাজীপুরের কালীগঞ্জে স্কুলের নতুন ভবন নির্মাণ করার জন্য পুরনো ভবন ভেঙে ফেলার এক বছর পরও ভবন নির্মাণের অগ্রগতি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও স্থানীয়রা। অবিলম্বে নতুন ভবন নির্মাণের দাবি জানিয়ে গতকাল রবিবার স্কুলের ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীরা বার্ষিক পরীক্ষা বর্জন করে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
শিক্ষার্থী ও স্থানীয়রা জানায়, কালীগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের শাদেরগাঁও উচ্চবিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের জন্য পুরনো ভবনটি ভেঙে ফেলা হয় প্রায় এক বছর আগে। এরপর স্কুলসংলগ্ন একটি বাড়ির উঠানে, বাঁশঝাড়ে ও পার্শ¦বর্তী পরিত্যক্ত কারখানায় চলে শিক্ষার্থীদের পাঠদান। যেকোনো মুহূর্তে ঝুঁকিপূর্ণ কারখানাটি ভেঙে প্রাণহানি ঘটতে পারে।
মানববন্ধন শেষে শিক্ষার্থী লামিয়া আক্তার সুপ্তি, উনজিলা আক্তার হিমা, অনন্যা আক্তার, নাজমিন আক্তার, কাউয়ুম, ফেরদৌস শেখ, ইলিয়াস শেখ, আহসান হাবীব, রোহান শেখ, সৈয়দ আসিবসহ স্থানীয়রা বলেন, এক বছর অতিবাহিত হলেও স্কুলভবন নির্মাণ না হওয়ায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে শিক্ষার্থীদের। এতে করে লেখাপড়ায় বিঘœ ঘটছে। ফলে কমে যাচ্ছে শিক্ষার্থীর উপস্থিতি।
