নগরীর বাহারকাছনা এলাকায় সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী ও দুই শিশু সন্তানকে হত্যার অভিযোগে আবদুর রাজ্জাক (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো–তাসনিয়া আক্তার রত্না (৩৫), মেয়ে নেহা (৩) ও সাত মাসের ছেলে নিশাত। পুলিশ বলছে, রাজ্জাক নেশাগ্রস্ত অবস্থায় স্ত্রীকে গলা কেটে এবং দুই সন্তানকে শ্বাসরোধে হত্যা করেছেন।
হারাগাছ থানার ওসি নাজমুল কাদের জানান, বাহারকাছনা কাকিনা ব্রিজ সংলগ্ন এলাকার বাসিন্দা রিকশাচালক রাজ্জাক রবিবার সকালে স্ত্রীর সঙ্গে ঝগড়ার একপর্যায়ে তাকে ছুরি দিয়ে গলা কেটে হত্যা করেন। পরে তিনি মেয়ে নেহা ও ছেলে নিশাতকে বালিশচাপা দিয়ে হত্যা করেন। এলাকাবাসী জানিয়েছেন, রাজ্জাক প্রায়ই নেশাগ্রস্ত হয়ে স্ত্রীকে মারধর করতেন। স্ত্রী ও সন্তানদের হত্যার পর তিনিও আত্মহত্যার চেষ্টা করেছেন। পরে পুলিশ গিয়ে রাজ্জাককে গ্রেপ্তার করে।
এ ঘটনায় মামলা হয়েছে জানিয়েছে ওসি বলেন, ‘ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে রাজ্জাক এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন। লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’
