পেঁয়াজ ছাড়া রান্না হলে আওয়ামী লীগ ছাড়াও দেশ চলবে: রাঙ্গা

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৯, ০৬:৫৪ পিএম

পেঁয়াজ ছাড়া রান্না হলে আওয়ামী লীগ ছাড়াও দেশ চলবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব ও বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা।

সোমবার রাজধানীর সেগুনবাগিচার কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা অডিটোরিয়ামে জাপার অঙ্গসংগঠন জাতীয় কৃষক পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশের দ্রব্যমূল্য অসহনীয় পর্যায়ে চলে গেছে। মানুষ আজ ভালো নেই। পেঁয়াজ কিনতে গিয়ে মানুষকে হিমশিম খেতে হচ্ছে। পেঁয়াজ ছাড়া অনেকে রান্নার কথা বলেছেন। পেঁয়াজ ছাড়া রান্না হলে চাল ছাড়াও ভাত হবে। তাহলে আওয়ামী লীগ ছাড়াও দেশ চলবে।

পেঁয়াজের ক্রমাগত মূল্যবৃদ্ধিতে সম্প্রতি এক বক্তব্যে দেশের জনগণকে পেঁয়াজ ছাড়া রান্না করার পরামর্শ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর পরামর্শের জবাবে রাঙ্গা এমন মন্তব্য করেন।

মসিউর রহমান রাঙ্গা বলেন, এখন পেঁয়াজ সিরিয়া ও পাকিস্তান থেকে আমদানি করা হচ্ছে। এ পাকিস্তান নিয়ে এত কিছু, এখন পাকিস্তান থেকেই পেঁয়াজ আনা হয়।

পেঁয়াজ উৎপাদকারী একভাগ কৃষকও মৌসুমে ন্যায্য মূল্য পায়নি দাবি করে রাঙ্গা বলেন, পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ কৃষকের প্রকৃত বন্ধু ছিলেন। তিনি ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করেছিলেন। এরশাদের আমলে চালের কেজি ৬টাকা ছিল, তবু কৃষকরা সুখেই ছিল। কিন্তু এখন চালের দাম ধরাছোঁয়ার বাইরে, তবুও কৃষকরা পণ্যের দাম পায় না।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপা চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের। তিনি আগামী দুই বছরের জন্য সাহিদুর রহমান টেপাকে জাতীয় কৃষক পার্টির সভাপতি ও এবিএম লিয়াকত হোসেন চাকলাদারকে সাধারণ সম্পাদক ঘোষণা করেন।

সাহিদুর রহমান টেপার সভাপতিত্বে সম্মেলনে জাপার প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, এস এম ফয়সাল চিশতী, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, মীর আব্দুস সবুর আসুদ প্রমুখ বক্তব্য দেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত