পেঁয়াজ বিক্রি না করলে টিসিবির ডিলারদের লাইসেন্স বাতিল: ডিসি

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৯, ০৯:১৪ পিএম

কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর সিন্ডিকেট রুখতে জেলা প্রশাসক উদ্যোগ নিয়ে মেহেরপুরে খোলা বাজারে ৪৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি চালু করেছেন।

পেঁয়াজের বাজার স্থিতিশীল করতে গতকাল সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কার্যক্রমের মাধ্যমে কয়েক শ মানুষ ন্যায্যমূল্যে পেঁয়াজ কেনেন।

পেঁয়াজ বিক্রির কার্যক্রম উদ্বোধনকালে জেলা প্রশাসক আতাউল গণি বলেন, টিসিবির মাধ্যমে পেঁয়াজ এনে বাজার স্থিতিশীল করতে প্রশাসন একাধিকবার সংশ্লিষ্ট ডিলারদের অনুরোধ করে। কিন্তু ডিলাররা ব্যবসায়ী সিন্ডিকেটের সঙ্গে হাত মিলিয়ে টিসিবির পেঁয়াজ আনতে অসম্মতি জানান। এ কারণে গত রবিবার আইনশৃঙ্খলা কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী মেহেরপুরে টিসিবির সব ডিলারের লাইসেন্স বাতিল করার জন্য বাণিজ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভাগকে চিঠি দেওয়া হয়েছে।

তবে টিসিবির ডিলার রেজাউল করিম অভিযোগ অস্বীকার করে বলেন, খুলনা থেকে ট্রাক ভাড়া দিয়ে টিসিবির পণ্য এনে খোলাবাজারে সরকারি দরে বিক্রি করলে তাদের লোকসান হয়। তাই তারা নিয়মিত টিসিবির পণ্য আনেন না।

জেলা প্রশাসক জানান, টিসিবির ডিলাররা পেঁয়াজ আনতে লিখিতভাবে অস্বীকৃতি জানালে তিনি ব্যবসায়ীদের মাধ্যমে টিসিবি থেকে পেঁয়াজ এনে বাজার স্থিতিশীল করার উদ্যোগ নেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত