বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) গোলাপি বলের দিবারাত্রির টেস্ট খেলার প্রস্তাব দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। একদিন আগেই যে খবর প্রকাশ করেছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো। তবে বিসিবি এখনই দিবারাত্রির টেস্ট খেলার কথা ভাবছে না।
বিসিবির অন্যতম পরিচালক জালাল ইউনুস জানিয়েছেন, ‘আগে পাকিস্তান সফরের সিদ্ধান্ত, এরপর গোলাপি বল।’
আইসিসির ভবিষ্যৎ সূচি অনুযায়ী জানুয়ারিতে পাকিস্তান সফরের কথা রয়েছে বাংলাদেশের। সফরে ২টি টেস্ট ও ৩টি টি-টোয়েন্টি খেলার কথা টাইগারদের। পাকিস্তান সফরের ব্যাপারে বিসিবি সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। সরকারের সবুজ সংকেত পেলেই বাংলাদেশ দল যাবে পাকিস্তানে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে।
এর আগে ছেলের অনূর্ধ্ব-১৬ দল ও বাংলাদেশ নারী ক্রিকেট দল পাকিস্তান সফর করে এসেছে। বিসিবি কি তবে জাতীয় দলকেও পাকিস্তানে পাঠানোর সিদ্ধান্তে ইতিবাচক?
সোমবার বিপিএলের দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের জার্সি উন্মোচন অনুষ্ঠানে এসব নিয়ে কথা বলেন জালাল ইউনুস। এই কর্মকর্তা বলেন, ‘আমরা এখনো কোনো সিদ্ধান্ত নিইনি। এর আগে আমাদের জুনিয়র (ছেলেদের) দল গেছে, মেয়েদের দল গেছে। নিরাপত্তার দিক থেকে এই মুহূর্তে আমাদের কোনো অভিযোগ নেই। তবে নিরাপত্তা পরিদর্শনের কাজটা হয়েছে কয়েক মাস আগে। অবশ্যই একেক সময়ে একেকরকম নিরাপত্তা হুমকি থাকে। এই জন্য আবার নিরাপত্তা অ্যাসেস করে যখন আমাদের সরকার চূড়ান্তভাবে সবুজ সংকেত দেবে তখন চিন্তা-ভাবনা করব যাওয়া যাবে কি যাবে না।’
এদিকে গোলাপি বলের টেস্ট প্রসঙ্গে জানতে চাইলে জালাল ইউনুস জানান, ‘গোলাপি বলে খেলার ব্যাপারটা পরে আসবে, এখন না এটা। আগে সিরিজের ব্যাপারে সিদ্ধান্ত নেব, এরপর চিন্তা করব কোন বলে খেলব।’
