মিছিলে না যাওয়ায় কুয়েট শিক্ষার্থীকে ছাত্রলীগের মারধর

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৯, ০১:১৩ এএম

মিছিলে না যাওয়ায় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) এক শিক্ষার্থীকে পিটিয়ে হল থেকে বের দেওয়ার অভিযোগ উঠেছে শাখা ছাত্রলীগের বিরুদ্ধে। গতকাল সোমবার এ ঘটনা ঘটে বলে জানান ভুক্তভোগী বিশ্ববিদ্যালয়ের বায়ো-মেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আহমেদ জেবাইল মেরাজ।

অমর একুশে হলের আবাসিক ছাত্র মেরাজ বলেন, ‘দুপুর ২টার দিকে হল থেকে ব্যক্তিগত কাজে বাইরে বের হওয়ার সময় লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র রেদওয়ানের নেতৃত্বে ৫/৬ জন ছাত্রলীগ ক্যাডার আমাকে ঘিরে ধরেন। মিছিলে অংশ না নিয়ে তারা আমাকে বাইরে যেতে নিষেধ করেন। আমি তাদের বলি, জরুরি কাজ আছে। কাজ শেষ করেই ফিরে আসব। এরপর তারা আমার ওপর চড়াও হন। কেউ চড়-থাপ্পড়, কেউ কিল-ঘুসি মারেন। এরপর তারা বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে ক্যাম্পাস থেকে বের করে দেন।’

খানজাহান আলী থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ‘এটি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ বিষয়। গেলে আমাদেরও আটকে রাখতে পারে। আপনি বরং ভিসি ও প্রক্টরকে ফোন করেন।’ ভিসি ড. কাজী সাজ্জাদ হোসেন বলেন, ‘বিষয়টি শুনেছি। মেরাজের বিভাগীয় প্রধানকে অবহিত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছি।’ এ বিষয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি রিয়াজুল ইসলাম বলেন, ‘আমি খোঁজখবর নিচ্ছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত