পাকুন্দিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় শিশু নিহত

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৯, ০২:১১ পিএম

জেলার পাকুন্দিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় জিহাদ ওরফে বায়েজিদ (৫) নামে এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে মঠখোলা-কটিয়াদী সড়কে উপজেলার বুরুদিয়া ইউনিয়নের মধ্যমান্দারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দুর্ঘটনাটি ঘটে।

নিহত শিশু জিহাদ ওরফে বায়েজিদ পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া ইউনিয়নের মধ্যমান্দারকান্দি গ্রামের রফিকুল ইসলামের ছেলে। সে মধ্যমান্দারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

ঘটনার পর পরই স্থানীয় জনতার সহায়তায় মোটরসাইকেলের দুই আরোহীকে আটক করে পুলিশে দেয়া হয়।

আহুতিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মুহাম্মদ শফিকুল ইসলাম জানান, শিশু শিক্ষার্থী জিহাদ ওরফে বায়েজিদ বাড়ি থেকে তেল আনতে তেলের পাম্পে যাচ্ছিল।

পথে মধ্যমান্দারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে শিশুটিকে একটি দ্রুতগতির মোটরসাইকেল ধাক্কা দেয়। এতে শিশুটি ছিটকে সড়কের পাশের একটি গাছের উপর পড়ে গুরুতর আহত হয়। মুমূর্ষু অবস্থায় শিশুটিকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী জসিম (২০) ও রাব্বিকে (১৩) মোটরসাইকেলসহ আটক করা হয়েছে।

এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও পুলিশ পরিদর্শক মুহাম্মদ শফিকুল ইসলাম জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত