দশে দশ পাওয়া রোমান সানারা মাতলেন প্যারাগ্লাইডিংয়ে (ভিডিও)

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৯, ০৫:২০ পিএম

নেপালে চলমান ১৩তম এসএ গেমসে অভাবনীয় সাফল্য দেখিয়েছে বাংলাদেশের আর্চাররা। আসরে আর্চারির ১০ ইভেন্টের সব কটি স্বর্ণই জিতে নিয়েছে বাংলাদেশ। এসএ গেমসের এক আসরে নির্দিষ্ট কোনো ডিসিপ্লিন থেকে এটিই বাংলাদেশের সেরা সাফল্য। এমন অবিশ্বাস্য সাফল্য অর্জনের পর মঙ্গলবার নেপালের পোখারায় প্যারাগ্লাইডিং উৎসবে মেতেছিলেন রোমান সানারা।

রোমান সানা, শ্যামলী রায়রা প্যারাগ্লাইডিংয়ের ছবি ও ভিডিও পোস্ট করেছেন নিজেদের ফেইসবুকে। এসএ গেমসের ১০টি স্বর্ণ নিজেদের করার পর কতটা ফুরফুরে তারা, সেটিরই যেন বহিঃপ্রকাশ ঘটেছে তাদের এই আনন্দ উৎসবে।

image

রোমান প্যারাগ্লাইডিংয়ের একাধিক ছবি পোস্ট করাসহ সাড়ে পাঁচ মিনিটের ভিডিও পোস্ট করেছেন। ২০১৬ রিও অলিম্পিকে দেশের প্রতিনিধিত্ব করা শ্যামলী রায় প্যারাগ্লাইডিংয়ে বেশ কিছু ছবি পোস্ট করে মুগ্ধতা প্রকাশ করেন।

গত রবিবার এসএ গেমসের অষ্টম দিনে আর্চারি ডিসিপ্লিনের ৬ ইভেন্টের স্বর্ণ পদক নিষ্পত্তি হয়। রিকার্ভ ও কম্পাউন্ড বিভাগের পুরুষ দলগত, মিশ্র দলগত, নারী দলগত সবগুলো স্বর্ণই নিজেদের করে বাংলাদেশ। এরপর সোমবার গেমসের নবম দিনে রিকার্ভ ও কম্পাউন্ড বিভাগের ব্যক্তিগত চার ইভেন্টেই স্বর্ণ নিজেদের করে বাংলাদেশের আর্চাররা।

দেশ সেরা আর্চার রোমান সানা রিকার্ভ ব্যক্তিগত, দলগত ও মিশ্র দলগত ইভেন্টে স্বর্ণ জয় করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত