কোটালিপাড়ায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পুলিশসহ নিহত ৩

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৯, ০৭:৩১ পিএম

গোপালগঞ্জের কোটালিপাড়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ ৩জন নিহত ও অপর ১ জন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুর সোয়া ১২ টার দিকে কোটালিপাড়া উপজেলার দেবগ্রাম এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, গোপালগঞ্জের কাশিয়ানীর থানার পুলিশ কনস্টেবল এমদাদুল হক (৩০), মোটরসাইকেল চালক কোটালিপাড়া উপজেলার কাঁচিকাটা গ্রামের রঞ্জিত বিশ্বাস (২৮) এবং কোটালিপাড়া উপজেলার দিঘলিয়া গ্রামের ব্রজেন বাড়ৈ-এর ছেলে প্রসেনজিৎ বাড়ৈ (২২)।

কোটালিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান জানান, কোটালিপাড়া-রাজৈর সড়কের কোটালিপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের দেবগ্রাম এলাকায় দুটি দ্রুতগামী মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে মটর সাইকেলের চালকসহ ৪ জন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কোটালিপাড়া উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পুলিশ সদস্য এমদাদুল হক ও রঞ্জিত বিশ্বাসকে মৃত ঘোষণা করেন।

আহত প্রসেনজিৎ বাড়ৈ ও রাজৈর থানার এএসআই মনিরকে গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে মারা যায়। আহত এএসআই মনিরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, নিহত পুলিশ সদস্যের বাড়ি মাদারীপুর জেলার রাজৈর উপজেলায়। তিনি গোপালগঞ্জের কাশিয়ানী থানায় কর্মরত ছিলেন। মঙ্গলবার তিনি মোটরসাইকেলে করে কর্মস্থলে যাচ্ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত