বিসিএস উত্তীর্ণ ছেলের কর্মস্থলে যাওয়া হলো না মায়ের

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৯, ০৮:০৯ পিএম

প্রিয় সন্তান ৩৯তম বিসিএস ক্যাডার। আগামী বৃহস্পতিবার নীলফামারী ডিমলায় যোগদানের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন তার। সরকারি কর্মক্ষেত্রে যোগদানের আনন্দে গোটা পরিবার ছিল উৎসবমুখর। কিন্তু সেখানে বিষাদের ছায়া নামিয়ে দিল একটি দুর্ঘটনা। সকল প্রস্তুতি নিয়েও সন্তানের সেই কাঙ্ক্ষিত কর্মস্থলে যাওয়া হল না মা শামসুন্নাহারের (৫০)।

মঙ্গলবার দুপুরে সাভারের রাজাশনে হঠাৎ আসা মোটরসাইকেল কেড়ে নেয় তার প্রাণ। উৎসবমুখর পরিবার জুড়ে এখন কেবলই বিষাদের ছায়া।

নিহতের স্বামী সাভার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের ফার্মাসিস্ট তোফায়েল হোসেন জানান, স্ত্রী আহত হওয়ার খবর পেয়েই তিনি ছুটে যান এনাম মেডিকেল কলেজ হাসপাতালে। ততক্ষণে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন শামসুন্নাহারকে। তারপর থেকেই হাসপাতালজুড়ে স্বজনদের আহাজারী আর আর্তনাদে ভারী হয়ে ওঠে সেখানকার পরিবেশ।

তোফায়েল আরো জানান, ছেলে ডা. ইকবাল আহমেদ ৩৯তম বিসিএসে উত্তীর্ণ হয়ে যোগ দেন স্বাস্থ্য মন্ত্রণালয়ে। প্রথম কর্মস্থল  নীলফামারী জেলার ডিমলা স্বাস্থ্য কেন্দ্রে আগামী বৃহস্পতিবার যোগ দেওয়ার কথা তার। কথা ছিল, মা বাবা সন্তানের সঙ্গে যাবেন। কিন্তু একটি দুর্ঘটনা তছনছ করে দিল সেই স্বপ্নকে।

সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এএফএম সায়েদ বলেন, দুর্ঘটনার পর পালিয়ে যাওয়া মোটরসাইকেলকে চালককে আটকের চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত