যুক্তরাষ্ট্রের নিউ জার্সি রাজ্যের জার্সি সিটিতে ভরদুপুরে অজ্ঞাত বন্দুকধারীদের সঙ্গে পুলিশের রীতিমতো ‘যুদ্ধ’ হয়েছে। এই ঘটনায় পুলিশ কর্মকর্তাসহ অন্তত ৬ জন নিহত হয়েছেন।
বিবিসি জানিয়েছে, নিহত পুলিশ অফিসার জোসেফ সিলস নিউ জার্সি থেকে অবৈধ অস্ত্র উৎখাত কার্যক্রমের সঙ্গে জড়িত ছিলেন।
এদিন স্থানীয় সময় দুপুর বারোটার পরপর একটি গোরস্থানে গোলাগুলির শব্দ পাওয়া যায়।
সেসময় সন্দেহভাজন হামলাকারীদের দিকে অগ্রসর হলে পুলিশ অফিসার জোসেফ সিলস মারা যান।
দুই হামলাকারী ট্রাকে করে ঘটনাস্থল থেকে সরে গিয়ে একটি সুপারমার্কেটে আশ্রয় নেয় এবং পুলিশের দিকে গুলি চালানো অব্যাহত রাখে।
এরপর সোয়াটসহ বিশেষ নিরাপত্তারক্ষী বাহিনীর সদস্যরা ওই এলাকাটি ঘিরে ফেলেন। হামলাকারীদের সঙ্গে গোলাগুলিতে দোকানের ভেতরে অন্তত পাঁচজন নিহত হন।
নিহতদের মধ্যে দুই জন সন্দেহভাজন হামলাকারী বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে হামলাকারীরা ‘ভারী অস্ত্রশস্ত্র’ বহন করছিল এবং বন্দুকযুদ্ধের সময় তারা পুলিশের দিকে ‘শত শত রাউন্ড’ গুলি ছোড়ে।
হামলার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।
