কমলগঞ্জে টিসিবির পেঁয়াজ কিনতে ক্রেতাদের ঢল

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৯, ০৩:২২ পিএম

মৌলভীবাজারের কমলগঞ্জে টিসিবির মাত্র দুই কেজি পেঁয়াজ কেনার জন্য ঢল নেমেছে ক্রেতাদের। বুধবার সকালে কমলগঞ্জের ইউএনও আশেকুল হকের উপস্থিতিতে এ পেঁয়াজ বিক্রি শুরু হয়।

 কমলগঞ্জ উপজেলা প্রশাসনিক ভবনের সামনে দুটি দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ক্রেতারা টিসিবির পেঁয়াজ ক্রয় করেছেন। ৪৫ টাকা দরে টিসিবির পেঁয়াজ কিনতে সকাল থেকে মানুষের ঢল নামে উপজেলা প্রশাসনিক ভবনের সম্মুখে।

উপজেলা নির্বাহী অফিসারে তদারকিতে স্টাফরা পেঁয়াজ বিক্রি করেন। পেঁয়াজ কেনার জন্য হুমড়ি হয়ে পড়েন ক্রেতারা। তবে পুলিশের উপস্থিতিতে শান্তিপূর্ণ পরিবেশে পেঁয়াজ কিনে বাড়ি ফিরেছেন ক্রেতারা।

 টিসিবির পেঁয়াজ কিনতে আসা আবুল কাসেম বলেন, ‘বাজারে ১৮০ টাকা থেকে ২০০ টাকা করে পেঁয়াজ বিক্রি হচ্ছে। তাই সরকারিভাবে টিসিবির পেঁয়াজ কম দামে বিক্রি হবে শুনে এসে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকে অবশেষে দুই কেজি পেঁয়াজ কিনেছি। কষ্ট হলেও ৪৫ টাকায় পেঁয়াজ কিনতে পেরে ভালো লাগছে।’

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক বলেন, ‘তিন টন পেঁয়াজ বরাদ্দ পেয়েছি। মানুষ শান্তিপূর্ণ পরিবেশে জনপ্রতি দুই কেজি করে টিসিবির পেঁয়াজ কিনেছে। টিসিবির পেঁয়াজ আরো বরাদ্দ বাড়ানোর জন্য আমরা চেষ্টা করবো।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত