সিদ্ধিরগঞ্জে বিমানের ৬১০০ লিটার চোরাই তেল উদ্ধার, গ্রেপ্তার ১

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৯, ০৩:২৯ পিএম

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ৬১০০ লিটার চোরাই জেট ফুয়েল (বিমানের তেল) উদ্ধার করেছে র‌্যাব-১১। চোরাই কাজে ব্যবহৃত দুইটি পিকআপভ্যান জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার করা হয়েছে মো. ইসমাইল ওরফে রিপন (৪৪) নামে একজন তেল চোরকে।

গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে গোদনাইল বার্মাশীল ও সুমিলপাড়া এলাকায় এ অভিযান চালায় র‌্যাব।

বুধবার দুপুরে র‌্যাবের সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযানের সত্যতা নিশ্চিত করে জানানো হয়, ২৯টি ড্রাম ভর্তি করে দুইটি পিকআপভ্যান দিয়ে চোরাই তেল সরবরাহ করার প্রস্তুতি গ্রহণের সময় অভিযান চালানো হয়। উদ্ধারকৃত তেলের মূল্য আনুমানিক ৪ লাখ ৩০ হাজার টাকা। 

র‌্যাব জানায়, গ্রেপ্তারকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায়, গোদনাইল এলাকায় অবস্থিত পদ্মা ও মেঘনা ডিপোকে ঘিরে কয়েকটি চোরাই তেলের সিন্ডিকেট গড়ে উঠেছে। ডিপো হতে দৈনিক শত শত ট্যাংকলরি তেল ভর্তি করে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে। কিছু অসাধু লরির চালক ও হেলপার নামে মাত্র মূল্যে লরি থেকে চুরি করে সিন্ডিকেট চক্রের কাছে তেল বিক্রি করে। চোর চক্র এই তেলের সাথে ভেজাল তেল মিশিয়ে বিভিন্ন ব্যবসায়ীদের কাছে বিক্রি করে। আটক আসামির বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।                   

×
সর্বশেষ সর্বাধিক পঠিত