কাস্টমস কর্মকর্তার বাসায় দিনে দুপুরে মুখোশধারী ডাকাতের হানা

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৯, ১০:১৩ পিএম

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে কলেজ সড়কে সাবেক এক কাস্টমস কর্মকর্তার বাসায় পরিবারের সদস্যদের মারধর করে নগদ ৪ লাখ টাকাসহ ৪৫ ভরি ওজনের স্বর্ণালংকার লুট করে নিয়েছে মুখোশধারী দুষ্কৃতকারীরা।

পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে কাস্টমস কর্মকর্তা এ জেড এম শহিদ্দুল্লা বাসায় মুখোশপরা চার যুবক মাত্র ১৫ মিনিট বাসায় অবস্থান করে এ ঘটনা সংঘটিত করে।  

এ জেড এম শহিদ্দুল্লা জানান, মুখোশপরা চার যুবক অস্ত্রসহ প্রবেশ করে পরিবারের সদস্যদের মারধর করে বাসায় রক্ষিত ৪৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ৪ লাখ টাকা লুট করে নিয়ে গেছে। দুষ্কৃতকারীদের মধ্যে তিনজন তার স্ত্রী ও মেয়ের গলায় ছুরি ধরে আলমারির চাবির জন্য মারধর করতে থাকে। অন্য একজন পিস্তল হাতে দরজায় দাঁড়িয়ে থাকে। এই সময় তিনি বাসার বাইরে ছিলেন।

এদিকে খবর পেয়ে জেলা অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ারুল হক ও সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান, শ্রীমঙ্গল থানার ওসি মো. আব্দুছ ছালেক ঘটনাস্থল পরিদর্শন করেন। মঙ্গলবার রাতে এ জেড এম শহিদ্দুল্লা এই ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করেন।

শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান বলেন, ‘এই ঘটনাটি আমরা সিরিয়াসলি দেখছি। শিগগিরই অপরাধীদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসব’।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত