চোর সন্দেহে বুদ্ধি প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা

আপডেট : ১২ ডিসেম্বর ২০১৯, ০১:১৬ পিএম

মানিকগঞ্জ সদর উপজেলার কাটিগ্রামে বিপ্লব হোসেন (৩২) নামে এক বুদ্ধিপ্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে তিন নৈশপ্রহরীকে আটক করেছে সদর থানা পুলিশ।

বুধবার রাত ৩টার দিকে কাটিগ্রাম বাজারে এই ঘটনা ঘটে। নিহত বিপ্লব সদর উপজেলার মানরা এলাকার মৃত শহীদ মিয়ার ছেলে।

আটকরা হলেন- মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার পাখি মিয়া, সদর উপজেলার দয়ারামপুর গ্রামের দ্বীনবন্ধু ও ঢাকার ধামরাই উপজেলার ফজলুল হক।

পুলিশ জানায়, বুধবার রাতে বিপ্লবকে চোর সন্দেহে বাজারের চার নৈশপ্রহরী মারধর করে। পরে বিষয়টি জানতে পেরে বাজার কমিটির সভাপতি নুরুল ইসলাম দুই প্রহরীকে আহত বিপ্লবকে হাসপাতালে নিয়ে যেতে বলেন। হাসপাতালে আনার পথে বিপ্লবের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে পাখি নামের এক প্রহরীকে আটক করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কাটিগ্রাম বাজার থেকে দ্বীনবন্ধু ও ফজলুলকে আটক করা হয়।

মানিকগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) হানিফ সরকার জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত