চিকিৎসকদের ওপর আইনজীবীদের হামলায় পাকিস্তানের একটি হাসপাতাল রণক্ষেত্রে পরিণত হয়। এতে তিনজন রোগী মারা যাওয়ার ঘটনা ঘটেছে।
ডন জানায়, বুধবার লাহোরের পাঞ্জাব ইনস্টিটিউট অব কার্ডিওলজিতে (পিআইসি) এই ঘটনা ঘটে।
কয়েক সপ্তাহ আগে পিআইসিতে দুই পক্ষের মধ্যে একটি অপ্রীতিকর ঘটনার ভিডিও ভাইরাল হয়। সেই ভিডিওতে একজন চিকিৎসককে দেখা যায়, আইনজীবীদের নিয়ে ঠাট্টা বিদ্রূপ করতে।
উপহাস ও মানহানির প্রতিবাদে ক্ষুব্ধ আইনজীবীরা পিআইসিতে হামলা চালায়। দুইশ জনেরও বেশি আইনজীবী হাসপাতাল ভাঙচুর চালায়। হাসপাতালের সামনে বেশ কিছু গাড়ি ভাঙচুরসহ আগুন লাগিয়ে দেয় একটি পুলিশের গাড়িতেও।
একপর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে যায় আইনজীবীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার গ্যাস ও গুলি চালায়। এতে বেশ কিছু আহতের ঘটনাও ঘটে।
পাঞ্জাবের স্বাস্থ্যমন্ত্রী ইয়াসমিন রশিদ বলেন, হামলার পরিস্থিতিতে সময়মতো চিকিৎসা দিতে না পারায় একজন বৃদ্ধ নারীসহ তিনজন রোগীর মৃত্যু হয়েছে।
মানবাধিকার বিষয়ক মন্ত্রী শিরিন মাজারি এক টুইটার বার্তায় বলেন, ঘটনার সঙ্গে জড়িত ৪০ জন আইনজীবীকে গ্রেপ্তার করা হয়েছে, যদিও পরবর্তীতে চার নারীকে ছেড়ে দেয়া হয়েছে। গ্রেপ্তারের সংখ্যা আরও বাড়বে বলে তিনি জানান।
এদিকে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত সকলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পাঞ্জাব সরকারকে বলেন।
