ভারতে অযোধ্যা মামলায় রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দিল দেশটির সুপ্রিম কোর্ট।
নভেম্বরের শুরুতে বাবরি মসজিদের জমিতে রাম মন্দির নির্মাণের নির্দেশ দেয় শীর্ষ আদালত। সেই সঙ্গে মসজিদের জন্য বিকল্প জমি প্রদানের নির্দেশ দেয়া হয়।
জি নিউজ জানায়, রায়টির পুনর্বিবেচনা চেয়ে সুপ্রিম কোর্টে ১৮টি আবেদন দাখিল হয়। সবগুলো আবেদন নিয়ে একসঙ্গে শুনানিতে রাজি হয় আদালত।
রুদ্ধদ্বার আদালত কক্ষে প্রধান বিচারপতি এসএ বোবদের নেতৃত্বাধীন ৫ সদস্যের বেঞ্চে এই শুনানি চলে।
মুসলিমপক্ষের আবেদনকারীদের দাবি, তারা শান্তিভঙ্গ করতে চান না। তবে উপযুক্ত বিচার শান্তি প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা পালন করবে। তাই উপযুক্ত বিচার পেতেই তারা আবেদন করেছেন।
যদিও হিন্দু ও মুসলিম দু'পক্ষই এই রায় পুনর্বিবেচনার আবেদন জানায়। হিন্দু মহাসভা দাবি করে, অযোধ্যার বাইরে মসজিদের জন্য জমির ব্যবস্থা হোক। অন্যদিকে মুসলিম পক্ষের দাবি, বেআইনিভাবে ভাঙা হয়েছে বাবরি মসজিদ, সেই জমিতে মন্দির নির্মাণের রায় সম্পূর্ণ অবৈধ।
তবে বৃহস্পতিবার দু'পক্ষের আবেদনই খারিজ করে দিল দেশের শীর্ষ আদালত।
