নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শফিকুর রহমান (৪৫) নামে এক নৈশপ্রহরীকে কুপিয়ে জখম করেছে দুই ভাড়াটে। গতকাল বৃহস্পতিবার ভোরে রসুলবাগ এলাকার জাকিরের বাড়ির দ্বিতীয় তলার ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।
শফিকুর রহমান নয়াআটি মুক্তিনগর বটতলা আমিন মার্কেটের নৈশপ্রহরী। তার পরিবারের অন্য সদস্যরা গ্রামের বাড়ি ফরিদপুরে থাকায় বাসা ছিল ফাঁকা।
বাড়ির মালিক জাকির বলেন, ভোরে পাশের বাড়ির লোকজন শফিকের ফ্ল্যাটের খোলা জানালা দিয়ে ঘটনা দেখতে পেয়ে জানায়। দ্রুত শফিকুরকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি। পুলিশকে খবর দিয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাই।
আহতের শ্যালক সেলিম জানায়, ঢাকা মেডিকেল থেকে দুপুরের দিকে শফিককে পঙ্গু হাসপাতালে রেফার্ড করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।
সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) জয়নাল জানান, হাসপাতালে নেওয়ার সময় শফিকুর রহমান জবানবন্দিতে বলেছেন, একই বাড়ির ভাড়াটে আল আমিন ও আনোয়ার হামলা করেছে। কী কারণে হামলা করেছে তা জানাননি।
