সাংবাদিক হত্যা মামলায় গ্রেপ্তার সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার সাময়িক বরখাস্ত হওয়া মেয়র হালিমুল হক মীরু জামিনে মুক্তি পেয়ে এলাকায় ব্যাপক শোডাউন করেছেন বলে খবর পাওয়া গেছে।
জামিনে মুক্তি পাওয়ার পর শুক্রবার নিজ এলাকায় ফিরলে কর্মী-সমর্থকরা তাকে নিয়ে শোডাউন ও সমাবেশ করেন। এলাকায় পৌঁছানোর পরপরই তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেয়া হয়। এরপর বিসিক বাসস্ট্যান্ড থেকে পায়ে হেঁটে দাড়িয়াপুর ও মনিরামপুর বাজার অতিক্রম করেন। এ সময় তিনি হাত নেড়ে উৎসুক জনতা ও বাজারের ব্যবসায়ীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এরপর হাইস্কুল মাঠের মুক্তমঞ্চে সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তিনি বলেন, আমি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার আমাকে অন্যায় ভাবে সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যা মামলায় আসামি করে ফাঁসানো হয়েছে। আমি অচিরেই প্রতিটি ইউনিয়নে জনসভা করে এলাকাবাসীকে এ সম্পর্কে আসল ঘটনা খুলে বলব।
মেয়র মীরু ১২ নভেম্বর হাইকোর্ট থেকে জামিন লাভ করেন। আর ১৭ নভেম্বর রাজশাহী কারাগার থেকে মুক্ত হন। এরপর সেখান থেকে তিনি ঢাকায় গিয়ে চিকিৎসা শেষে শুক্রবার প্রথম এলাকায় ফেরেন।
২০১৭ সালের ২ ফেব্রুয়ারি শাহজাদপুর পৌর সদরের মনিরাপুর মহল্লায় মেয়র মীরুর বাসভবনের সামনে মীরু গ্রুপ ও পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি ভিপি আব্দুর রহিম গ্রুপের মধ্যে সংঘর্ষের সময় সাংবাদিক আব্দুল হাকিম শিমুল গুলিবিদ্ধ হন। পরদিন চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এ ঘটনায় নিহত শিমুলের স্ত্রী নুরুন্নাহার খাতুন বাদী হয়ে শাহজাদপুর থানায় মেয়র মীরু সহ ৩৮ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর মেয়র মীরু পুলিশের হাতে গ্রেপ্তার হন। ২ বছর ৯ মাস কারা ভোগের পর এলাকায় পদার্পণ করেই তিনি ব্যাপক মহড়ার মাধ্যমে শক্তি প্রদর্শন করেন।
