‘কিছু শেয়ার করার আগে সত্য-মিথ্যা যাচাই করুন’

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৯, ০১:১০ এএম

সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো কিছু শেয়ার করার আগে সত্য-মিথ্যা যাচাই করার আহ্বান জানিয়েছেন ঢাকার জেলা প্রশাসক আবু সালেহ মোহাম্মদ ফেরদৌস খান। গতকাল ‘সত্য-মিথ্যা যাচাই আগে, ইন্টারনেটে শেয়ার পরে’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফারজানা জামানের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মো. শাহিদুজ্জামান। ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার রামানন্দ সরকার ও সহকারী কমিশনার এম জামাল হোসেন।

আবু সালেহ মোহাম্মদ ফেরদৌস খান বলেন, সত্য-মিথ্যা যাচাই-বাছাই না করে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো কিছু শেয়ার করা অন্যায় ও শাস্তিযোগ্য অপরাধ। ইতিপূর্বে অনেক ভুল ও মিথ্যা প্রচার করে সমাজকে অস্থিতিশীল করা হয়েছে।

তিনি বলেন, এই ডিজিটাল বাংলাদেশে আমাদের জীবনযাত্রার মান সহজ করে দিয়েছে। এর অনেক নেতিবাচক দিকও রয়েছে। তাই ইন্টারনেট সঠিকভাবে ব্যবহার করতে হবে। সেমিনার শুরু হওয়ার আগে একটি শোভাযাত্রা বের করা হয়। এতে জেলা প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত