জাতীয় স্মৃতিসৌধে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৯, ০১:১২ এএম

১৬ ডিসেম্বর। মহান বিজয় দিবস। জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত গোটা দেশ। দিবসটি উদযাপন উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণকে ধুয়েমুছে, রং-তুলির অঁাচড়ে সাজানো হচ্ছে। পুরো সৌধ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন ও মেরামতের সুবিধার্থে দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ। গৌরব আর অহংকারের এ দিনটিতে সৌধ প্রাঙ্গণে নামবে লাখো মানুষের ঢল। তাদের হৃদয় নিংড়ানো শ্রদ্ধা আর ভালোবাসার ফুলে ফুলে ভরে উঠবে শহীদ বেদি। এদিকে অন্যবারের তুলনায় এবার দিগুণ নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধের বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মেরামত কাজের জন্য ১২ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গণপূর্ত বিভাগের কর্মীরা মাসব্যাপী অক্লান্ত পরিশ্রম করে সৌধ প্রাঙ্গণকে নতুন রূপে সাজিয়ে তুলছেন। বাহারি ফুলের চাদরে ঢেকে ফেলা হয়েছে স্মৃতিসৌধের সবুজ চত্বর। চত্বরের সিঁড়ি ও নানা স্থাপনায় পড়েছে রং-তুলির অঁাচড়।

তিনি বলেন, ওই দিন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্য, বিদেশি কূটনীতিকসহ লাখো মানুষ জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। এ জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে যাবতীয় গার্ড অব অনার প্রদানের জন্য একটি সুসজ্জিত দল তাদের প্রস্তুতি সম্পন্ন করেছে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর জাতীয় স্মৃতিসৌধ উন্মুক্ত করে দেওয়া হবে। ঢাকা জেলার পুলিশ সুপার মারুফ হোসেন সরদার বলেন, অন্যবারের তুলনায় এবার দিগুণ নিরাপত্তা জোরদার করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধ ও আশপাশের এলাকায় নিরাপত্তার স্বার্থে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশ, ব্রিজসহ বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েনের পাশাপাশি বসানো হয়েছে বাড়তি পুলিশের চেকপোস্ট। এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিতসহ বাড়ানো হয়েছে সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারি। সাভারের আমিনবাজার থেকে ঢাকা-আরিচা মহাসড়কের জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত কয়েকটি স্তরের নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত