কাদের মোল্লাকে শহীদ বলাটা সমর্থনযোগ্য নয় : জি এম কাদের

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৯, ১১:৫৮ পিএম

একাত্তরের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া জামায়াত নেতা আবদুল কাদের মোল্লাকে শহীদ আখ্যা দিয়ে দৈনিক সংগ্রাম পত্রিকা ঠিক করেনি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের।

শনিবার শহীদ বুদ্ধিজীবী দিবসে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

জিএম কাদের বলেন, ‘কাদের মোল্লাকে শহীদ বলাটা সমর্থনযোগ্য নয়। শহীদের একটা সংজ্ঞা আছে। কাদের মোল্লার মৃত্যু– এই সংজ্ঞার মধ্যে পড়ে বলে মনে করি না। আমরা এর প্রতিবাদ করছি।’

সম্প্রতি দৈনিক সংগ্রাম পত্রিকায় প্রকাশিত একটি সংবাদে কাদের মোল্লাকে ‘শহীদ’ হিসেবে উল্লেখ করায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা হয়। এরপর গত শুক্রবার পত্রিকাটির অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। পরে পত্রিকার সম্পাদক আবুল আসাদকে আটক করে পুলিশ।

এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জি এম কাদের বলেন, ‘দৈনিক সংগ্রামের ডিক্লারেশন বাতিলের বিষয়টি একান্তই সরকারের ব্যাপার।’

বুদ্ধিজীবীদের স্মরণ করে জাপা চেয়ারম্যান বলেন, পাকিস্তান হানাদার বাহিনী জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে বাঙালি জাতিকে মেধাশূন্য করতে চেয়েছিল। কিন্তু তাদের সেই ষড়যন্ত্র সফল হয়নি।

এ সময় দলটির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সল চিশতী, আলমগীর সিকদার লোটন, নাজমা আখতার, উপদেষ্টা রওশন আরা মান্নানসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত