বিশ্বকাপে নেতৃত্ব নিয়ে অনিশ্চিত মাহমুদউল্লাহ

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৯, ১২:২১ এএম

গতকালের ম্যাচে দারুণ মাইলফলক স্পর্শ করলেন মাহমুদউল্লাহ। টি-টোয়েন্টি ক্যারিয়ারে শততম উইকেট তুলে নিয়েছেন তিনি। রংপুর রেঞ্জার্সের জহুরুল ইসলামকে ৬ রানে ফিরিয়ে এই কীর্তি গড়েন টি-টোয়েন্টির বাংলাদেশ অধিনায়ক। ক্যারিয়ারে মোট ২০৪ টি-টোয়েন্টি ম্যাচ খেলে ১৪৮ ইনিংসে বল করে শততম উইকেট নিলেন মাহমুদউল্লাহ। আন্তর্জাতিকে ৮৩ টি-টোয়েন্টিতে তার সংগ্রহ ৩১ উইকেট। দিন শেষে সংবাদমাধ্যমের সামনে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে প্রশ্ন এলো। চমকপ্রদ তথ্য হলো ঘটা করে তাকে টি-টোয়েন্টি নেতৃত্ব দেওয়া হলেও মাহমুদউল্লাহ জানালেন, বিশ্বকাপে নেতৃত্ব দেওয়ার ব্যাপারে শতভাগ নিশ্চিত নন। তবে দায়িত্ব পেলে অবশ্য দলকে নিয়ে সেরা পারফর্ম করতে চান।

এবারের বিপিএলকে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ক্রিকেটার তৈরির মঞ্চ বলেছিলেন বিসিবিপ্রধান। সামনে যখন টি-টোয়েন্টি অধিনায়ক তখন তার কী ধারণা সেটা জানতে চাওয়া হলো। কিন্তু মাহমুদউল্লাহ বিশ্বকাপে নেতৃত্বের ব্যাপারে অনিশ্চয়তার কথা বললেন, ‘নেতৃত্বের বিষয়টা নিয়ে বলতে চাই যে বিশ্বকাপে আমিই দায়িত্বে থাকব সেটা কিন্তু শতভাগ নিশ্চিত নয়। তবে আমি যদি দায়িত্ব পাই তবে অবশ্যই সেরাটা দেওয়ার চেষ্টা থাকবে। এছাড়া সামনের সিরিজে যদি দায়িত্ব পাই তবে অবশ্যই টি-টোয়েন্টিতে যেসব দিকে পিছিয়ে আছি সেগুলো কাটানোর চেষ্টা থাকবে। আর জাতীয় দলের জন্য আমাদের দীর্ঘদিনের চিন্তা ছিল লেগ স্পিনার নিয়ে। এই মুহূর্তে রিস্ট স্পিনাররা অনেক ভালো করছে। বিশ্বকাপের জন্য আমরা এভাবে তৈরি হতে চাই। এখন বিপ্লব ভালো করছে, রিশাদ ও আফ্রিদি আছে। এই বিপিএল অবশ্যই ওদের জন্য নিজেদের প্রমাণের বড় সুযোগ।’

সাকিব আল হাসান না থাকায় জাতীয় দলে এখন অভিজ্ঞ স্পিনারের অভাব। দীর্ঘদিন ব্যাটিং অলরাউন্ডার হিসেবে খেলছেন মাহমুদউল্লাহ। স্পিনে আগে নিয়মিত থাকলেও এখন জাতীয় দলে নিয়মিত বল করেন না। বোলিংয়ে অভিজ্ঞ স্পিনারের জন্য সাকিবের জায়গায় আপাতত নিজেকে নিয়ে আসতে চান কি-না এমন প্রশ্নে মাহমুদউল্লাহ বলেন, ‘আসলে সাকিবের মতো কাউকে এই মুহূর্তে পাওয়া কঠিন। হয়তো এক জেনারেশনেও ওর মতো মেন্টালি ও পারফরম্যান্সভিত্তিক ক্রিকেটার পাওয়া যাবে না। ওর জায়গায় তাই নিজেকে দেখছি না।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত