প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়ে গুঁড়িয়ে দিয়েছিলেন নিউজিল্যান্ডের ইনিংস। মিচেল স্টার্ক দ্বিতীয় ইনিংসেও নিলেন ৪ উইকেট। সঙ্গে নাথান লায়নেরও শিকার চার। সুবাদে পার্থে নিউজিল্যান্ডের বিপক্ষে দিবারাত্রির টেস্টে বড় ব্যবধানে জয় তুলে নিল অস্ট্রেলিয়া। তিন ম্যাচের সিরিজে এগিয়ে গেল ১-০ তে।
রবিবার পার্থ স্টেডিয়ামে একদিন বাকি থাকতেই ২৯৬ রানের বড় জয় তুলে নেয় অস্ট্রেলিয়া।
আগের দিনের ৬ উইকেটে ১৬৭ রান নিয়ে দিন শুরু করা অস্ট্রেলিয়া নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করে দেয় ৯ উইকেটে ২১৭ রানে। দ্বিতীয় ইনিংসে অজিরা তেমন সুবিধা করতে না পারলেও প্রথম ইনিংসে পেয়েছিল বড় লিড। তাতে নিউজিল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়ায় ৪৬৮ রানের।
প্রথম ইনিংসে অজিদের ৪১৬ রানের বিপরীতে ১৬৬ রানে গুটিয়ে যাওয়া নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংসেও সুবিধা করতে পারেনি। স্টার্ক-লাইন তো আছেই, প্যাট কামিন্সও কম যাননি। নিউজিল্যান্ড তাই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে অল আউট হয়ে যায় মাত্র ১৭১ রানে।
কিউইদের পক্ষে বিজে ওয়াটলিং সর্বোচ্চ ৪০ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ রান করেন কলিন ডি গ্র্যান্ডহোম। স্টার্ক ও লায়ন নেন ৪টি করে উইকেট। ২ উইকেট নিয়েছেন প্যাট কামিন্স।
এর আগে অস্ট্রেলিয়ার হয়ে ব্যাটিংয়ে কেউ সুবিধা করতে পারেনি। ম্যাথু ওয়েড আগের দিনের সঙ্গে ১১ রান যোগ করে ফিরে যান ব্যক্তিগত ১৭তে। তবে নয় নম্বরে খেলতে নেমে ২৩ রান করেছেন স্টার্ক।
দুই ইনিংস মিলে ৯ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন মিচেল স্টার্ক। দুই দলের দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৬ ডিসেম্বর। বক্সিং ডে টেস্টটি অনুষ্ঠিত হবে মেলবোর্নে। তৃতীয় ও শেষ টেস্ট হবে সিডনিতে ৩ জানুয়ারি।
