ভারতের নাগরিকত্ব আইনবিরোধী সমাবেশে নুরের ওপর মুক্তিযুদ্ধ মঞ্চের হামলা

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৯, ০৬:৫৮ পিএম

ভারতের নতুন নাগরিকত্ব আইনের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে সমাবেশ করার সময় ডাকসুর ভিপি নুরুল হক নুরসহ শিক্ষার্থীদের ওপর হামলা করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ নামের একটি সংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্যে বিকেল ৪টারদিকে তাদের ওপর হামলা করা হয়। হামলায় ডাকসুর ভিপি নুরুল হক নুর ও সমাজসেবা সম্পাদক আখতার হোসেনসহ কয়েকজন আহত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভারতের এনআরসি ও সিএবি আইনের বিরুদ্ধে দেশটিতে চলমান আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ মিছিল ও সংহতি সমাবেশের ডাক দেয় ভিপি নুরের সংগঠন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। সমাবেশের পূর্বে মুক্তিযুদ্ধ মঞ্চ রাজু ভাস্কর্যে অবস্থান নেয়।

ডাকসুর ভিপি নুরুল হকসহ তার অনুসারীরা ৪ টার দিকে সেখানে আসলে মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি ও ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সাধারণ সম্পাদক আল মামুন দলবল নিয়ে ডাকসুর ভিপি ও তার অনুসারীদের ওপর হামলা করে।

হামলায় নুরের হাতের আঙুল ভেঙে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এছাড়াও ডাকসুর সমাজসেবা সম্পাদক আখতার হোসেনসহ প্রায় ১০ জন আহত হয়েছে। আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

নুর বলেন, ভারতীয় আগ্রাসন ও এনআরসির বিরুদ্ধে প্রতিবাদ করতে আসলে মুক্তিযুদ্ধ মঞ্চ নামক সন্ত্রাসী বাহিনী বিনা উসকানিতে আমাদের ওপর হামলা চালিয়েছে। তাদের সরকার মদদ দিচ্ছে। বুধবার হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভের ডাক দিয়েছেন নুরুল হক।

তবে হামলার অভিযোগ অস্বীকার করে মুক্তিযোদ্ধা মঞ্চের সাধারণ সম্পাদক আল মামুন দেশ রূপান্তরকে বলেন, দুর্নীতিবাজ ভিপির পদত্যাগের জন্য আমরা ৪৮ ঘণ্টা সময় দিয়েছিলাম। কিন্তু সে পদত্যাগ না করায় আমরা তাকে অবাঞ্ছিত ঘোষণা করেছি। আজকে নুরু দেশ বিরোধী একটি সমাবেশ করতে গেলে আমরা তাতে বাধা প্রদান করি। সমাবেশ না করার জন্য আমরা তাকে অনুরোধ করি। তখন ভিপি ও তার দলবল আমাদের ওপর হামলা করে। এতে আমাদের একজন আহত হয়েছে।

তিনি আরও বলেন, আজকের ঘটনার পর ভিপি নুরকে ক্যাম্পাস থেকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। তাকে যেখানে পাওয়া যাবে সেখানেই প্রতিহত করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত