চিকিৎসার জন্য ভারতে যাওয়া দুই বাংলাদেশির ট্যাক্সি আটকে টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে কলকাতা পুলিশের বিরুদ্ধে। গোলাম সাকলাইন এবং মোহাম্মদ মোশারফ নামে ভুক্তভোগী দুই বাংলাদেশি নাগরিকের অভিযোগ পাওয়ার কথা নিশ্চিত করেছে কলকাতা পুলিশ।
সোমবার গোলাম সাকলাইন এবং মোহাম্মদ মোশারফ পুরো বিষয়টি কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা এবং যুগ্ম কমিশনার (অপরাধ) মুরলিধর শর্মাকে ই-মেইল করে অভিযোগ জানান।
তারা জানান, নভেম্বর মাসের ২১ তারিখ ভোর রাতে কলকাতার মৌলালির মোড়ে ঘটনাটি ঘটেছে। ট্রেন ধরার জন্য শিয়ালদহ স্টেশনে যাওয়ার সময় এক পুলিশ সদস্য ট্যাক্সি আটকে ভয় দেখিয়ে তাদের কাছ থেকে টাকা কেড়ে নেন।
লালবাজারের এক শীর্ষ পুলিশ কর্তা দুই বাংলাদেশির অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা সবটা খতিয়ে দেখছি। আগে দেখতে হবে কেউ পুলিশ সেজে ওই ঘটনা ঘটিয়েছে কি না। যদি আমাদের বাহিনীর কেউই এ ধরনের ঘটনা ঘটিয়ে থাকেন, তবে তাকে চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
ভুক্তভোগীরা জানান, কোলন ক্যানসারের চিকিৎসা করাতে মোশারফ গিয়েছিলেন মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে। সেখানে অস্ত্রোপচারের পর তিনি কলকাতায় আসেন গত ২০ নভেম্বর। পরদিন ২১ তারিখ ভোর ৪টা ২০ মিনিটে শিয়ালদহ থেকে গেদে যাওয়ার ট্রেন ধরার কথা ছিল মোশারফের। তাই তিনি ওই দিন ভোর সাড়ে ৩টায় দিকে হোটেলের ঠিক করে দেয়া একটি ট্যাক্সিতে আত্মীয় গোলাম সাকলাইনকে সঙ্গে নিয়ে শিয়ালদহের উদ্দেশে রওনা হন।
মোশারফের অভিযোগ, ট্যাক্সি মৌলালির মোড় থেকে শিয়ালদহের দিকে বাঁ দিকে ঘোরামাত্র এক পুলিশ সদস্য ট্যাক্সি দাঁড় করানোর নির্দেশ দেন। ওই ব্যক্তির পেছনেই ছিল ‘পুলিশ’ লেখা ভ্যান। ওই পুলিশ সদস্য ট্যাক্সি দাঁড় করিয়ে মোশারফ এবং সাকলাইনের কাছে তাদের পরিচয় জানতে চান।
মোশারফ বলেন, পরিচয় দিতেই ওই পুলিশ সদস্য আমাদের কাছে পাসপোর্ট দেখতে চান। পাসপোর্ট দেখিয়ে তাকে জানাই যে, আমি ক্যানসার রোগী। চিকিৎসা করাতে গিয়েছিলাম মুম্বাইয়ে। এর পরেই আমাদের ভয় দেখাতে শুরু করেন ওই পুলিশ সদস্য। তিনি জানতে চান- আমরা কলকাতায় ছিলাম তা পুলিশকে জানাইনি কেন?
ওই দুই বাংলাদেশি নাগরিকের অভিযোগ, এরপর ওই পুলিশ সদস্য জিজ্ঞাসা করেন তাদের সঙ্গে কত টাকা আছে? ২৭ হাজার বাংলাদেশি টাকা ছিল আমাদের সঙ্গে। ওই পুলিশকর্মী আমাদের কাছ থেকে ওই টাকা নিয়ে নেন। টাকা এবং পাসপোর্ট ফেরত চাইলে খাকি পোশাক পরা ওই পুলিশ সদস্য আমাদের ভয় দেখান থানায় নিয়ে লক আপে আটকে রাখার।
সাকলাইন বলেন, ওই পুলিশ সদস্য মোশারফের পেটের নিচে অপারেশনের জায়গায় ব্যান্ডেজ টিপে টিপে দেখছিলেন। আমি প্রতিবাদ করায় পাল্টা আমাদের থানায় নিয়ে গিয়ে মাদকের মামলা দিয়ে গ্রেপ্তার করার ভয় দেখান।
মোশারফ বলেন, আমি হাত জোড় করে ওই পুলিশ সদস্যকে টাকা ফেরত দিতে বলি। তাকে বলি, টাকা বেশি না থাকায় অস্ত্রোপচারের পরে কেমোথেরাপি করতে পারিনি। দেশে ফিরে টাকার জোগাড় করে ফের আসব। অনেক কাকুতি মিনতি করার পর ২৭ হাজার টাকার মধ্যে ৭ হাজার টাকা আর পাসপোর্ট ফেরত দিয়ে ফের ওই পুলিশ সদস্য দুই বাংলাদেশিকে কাউকে কিছু জানালে ফল ভালো হবে না বলে শাসান।
সাকলাইন বলেন, আমরা সে দিনই ভয় পেয়ে গেদে সীমান্ত দিয়ে দেশে ফিরে যাই। রবিবার ফের চিকিৎসার জন্য কলকাতায় আসি। এক বন্ধুকে গোটা ঘটনার কথা জানাই। তার পরামর্শেই ই-মেইল করে জানিয়েছি কলকাতা পুলিশকে।
সূত্র: আনন্দবাজার।
