সাবেক আমলা মোল্লা ওয়াহেদুজ্জামান নরসিংদীর জেলা প্রশাসনসহ সিভিল প্রশাসনে একচ্ছত্র আধিপত্য বিস্তার করছেন বলে অভিযোগ রয়েছে।
এ কথারই সত্যতা মিলেছে একটি অনুষ্ঠানে। আজগুবি এক পদ বানিয়ে প্রশাসনের লোক হিসেবে হাজির হয়েছেন দুর্নীতিবিরোধী অনুষ্ঠানে।
মঙ্গলবার একদুয়ারিয়া উচ্চ বিদ্যালয়ে মনোহরদী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় তাকে নরসিংদী জেলা প্রশাসকের উপদেষ্টা উল্লেখ করা হয়েছে।
এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিয়া আক্তার শিমু। তবে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এ ধরনের কোনো পদ জেলা প্রশাসনে নেই।
সরকারের একজন সাবেক আমলা শুধু নিজেকে জাহির করতে বিতর্কিত পদ ব্যবহার করে দুর্নীতিবিরোধী অনুষ্ঠানে উপস্থিত থাকায় সমালোচনার জন্ম হয়েছে।
যে পদের অস্তিত্ব নেই তা ব্যবহার করা কি দুর্নীতি নয় এ প্রশ্ন অনেকের মুখে।
বিসিএস প্রশাসনের ৮১ ব্যাচের সাবেক কর্মকর্তা মোল্লা ওয়াহেদুজ্জামান সবচেয়ে বেশি আলোচনায় আসেন নিজের ভুয়া মুক্তিযোদ্ধা সনদ নিয়ে। প্রভাব বিস্তার করে তিনি ওই সনদ পুনরায় বহালের চেষ্টা চালালেও নতুন করে বিষয়টি নিয়ে অনুসন্ধান করছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।
এ ছাড়া তার বিরুদ্ধে নরসিংদীর প্রশাসনিক কর্মকর্তাদের তাবেদারি করতে বাধ্য করা, তথ্য গোপন করে রাজউক থেকে উত্তরা ও পূর্বাচলে দুটি প্লট গ্রহণ এবং রাজধানীর উত্তরায় বাড়ি নির্মাণে অনুমোদিত নকশার ব্যত্যয় ঘটানোসহ স্থানীয় রাজনীতিতে নিজের ক্ষমতার দাপট দেখানোর অভিযোগ রয়েছে।
এ সব কারণে সমালোচনায় উঠে আসে তার নাম।
জানা যায়, মনোহরদী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আয়োজিত চন্দনবাড়ি ও একদুয়ারিয়া ইউনিয়নের বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়। ‘দুর্নীতিই বাংলাদেশের অর্থনৈতিক মুক্তির প্রধান অন্তরায়’ শিরোনামে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় হাতিরদিয়া ছাদত আলী উচ্চ বিদ্যালয় ও একদুয়ারিয়া উচ্চ বিদ্যালয় অংশগ্রহণ করে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক সচিব ও প্রাইভেটাইজেশন কমিশনের সাবেক চেয়ারম্যান মোল্লা ওয়াহেদুজ্জামান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিয়া আক্তার শিমুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একদুয়ারিয়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মো. লুৎফর কবির মৃধা ও হাতিরদিয়া ছাদত আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ডা. মো. শাহজাহান।
প্রতিযোগিতায় বিপক্ষে যুক্তি তুলে ধরা একদুয়ারিয়া উচ্চ বিদ্যালয় বিজয়ী হয়েছে।
তবে অনুষ্ঠানে সব আলোচনাকে ছাপিয়ে যায় ব্যানারে মোল্লা ওয়াহেদুজ্জামানের পদবিতে নরসিংদী জেলা প্রশাসনের উপদেষ্টা হিসেবে উল্লেখ করা।
অনেকেই বিষয়টিকে দেখছেন সাবেক আমলার তোষণে মনোহরদীর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিয়া আক্তার শিমুর উপহার হিসেবে।
এ ব্যাপারে জানতে মনোহরদীর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিয়া আক্তার শিমুর ব্যবহৃত মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাওয়া যায়নি। পরে রাত পৌনে ৯টায় তার সরকারি নম্বরটি বন্ধ পাওয়া যায়।
জানতে চাইলে জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন বলেন, জেলা প্রশাসনে উপদেষ্টার কোনো পদ নেই। এই ধরনের কোনো অনুষ্ঠানের খবর ইউএনও আমাকে জানায়নি। বিষয়টি আমি খোঁজ নিয়ে দেখছি।
