ডেসটিনির দুই শীর্ষ কর্মকর্তার জামিন মেলেনি

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৯, ০১:৩৩ এএম

ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমিন ও ডেসটিনি-২০০০ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ হোসেনের জামিনের আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। পাশাপাশি বিচারিক আদালতে তাদের বিরুদ্ধে থাকা মামলার বিচার কার্যক্রম দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। এ আদেশের ফলে ডেসটিনির এ দুই শীর্ষ কর্মকর্তাকে আপাতত কারাগারেই থাকতে হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

জামিনের আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে গঠিত আপিল বিভাগ এ আদেশ দেয়। আদালতে ডেসটিনির কর্মকর্তাদের পক্ষে ছিলেন আইনজীবী আজমালুল হোসেন কিউসি। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশিদ আলম খান।

তিনি জানান, আপিল বিভাগ ২০১৬ সালের ১৩ নভেম্বর দুই শর্তে বলেছিল– ডেসটিনির ট্রি প্লান্টেশন প্রকল্পের গাছ বিক্রি করে অথবা অন্য কোনোভাবে ২ হাজার ৫০০ কোটি টাকা ক্ষতিগ্রস্তদের পরিশোধ করলে তবেই দুজন জামিন পাবেন। পরে ওই শর্ত সংশোধনের জন্য আপিল বিভাগে আবেদন করা হলেও আদালত তা খারিজ করে দেয়। এরপরও জামিনের আবেদন করা হলে গতকাল সর্বোচ্চ আদালত তা খারিজ করে দেয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত