ঝালকাঠিতে মাইক্রোবাস ও টমটমের (স্থানীয়ভাবে শ্যালোইঞ্জিন দিয়ে নির্মিত) সংঘর্ষে মোসলেম আলী খান (৪০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার সকাল ১০টায় জেলার কাঠালিয়া উপজেলা সদরের বাইপাস মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় আরও পাঁচ যাত্রী আহত হয়েছে। আহতরা কাঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (আমুয়া) চিকিৎসাধীন।
নিহত মোসলেম আলী খান উপজেলার আমুয়া গ্রামের আবদুর রহমান খানের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে আমুয়া থেকে ইঞ্জিনচালিত টমটম গাড়িতে করে ভাইব্রেটর মেশিন নিয়ে উপজেলা সদরে আসছিলেন নির্মাণ শ্রমিক মোসলেম আলী খান।এসময় বাইপাস মোড় এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে টমটমের সংঘর্ষ হয়।
এতে টমটম উল্টে ভাইবেটর মেশিনের নিচে চাপা পড়ে শ্রমিক মোসলেমের মৃত্যু হয়। এ দুর্ঘটনায় টমটম গাড়িতে থাকা আমুয়া গ্রামের নির্মাণ শ্রমিক উজ্জল সরদার, আবুল কালাম, জয়নাল সরদার ও হেতালবুনিয়া গ্রামের ফরিদ হোসেনসহ আরও পাঁচজন শ্রমিক আহত হয়েছে। আহতদের কাঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (আমুয়া) ভর্তি করা হয়েছে।
কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক বলেন,দূর্ঘটনার ঘটনায় মৃতের পরিবার মামলায় আগ্রহী না থাকায় লাশ আমুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।লাশের ময়নাতদন্ত হবে কিনা ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।
