চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৪১ জনের মৃত্যু

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৯, ০৫:৩২ পিএম

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৪১ জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বুধবার অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে।

সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এ পর্যন্ত ২৬৬টি ডেঙ্গুজনিত মৃত্যুর প্রতিবেদন পেয়েছে। এর মধ্যে তারা ২২৩টি ঘটনা পর্যালোচনা করে ১৪১ জনের মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেছে। খবর ইউএনবির।

এদিকে ডেঙ্গু আক্রান্ত হয়ে বুধবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৩৭ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ২১ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে ও ১৬ জন দেশের অন্যান্য হাসপাতালে ভর্তি হয়েছেন। 

চলতি বছর এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হন সর্বমোট ১ লাখ ১ হাজার ১১৩ জন ডেঙ্গু রোগী। চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে ১ লাখ ৬৬০ জন বাড়ি ফিরে গেছেন।

বর্তমানে দেশের হাসপাতালগুলোতে ১৮৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকায় চিকিৎসা নিচ্ছেন ১২৬ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত