ছাত্রলীগের বহিষ্কৃত সেই সম্পাদক সাদিকুর গ্রেপ্তার

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৯, ১০:৫৭ পিএম

সাতক্ষীরা জেলা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির বহিষ্কৃত সাধারণ সম্পাদক ‘সাদিক বাহিনীর’ প্রধান সৈয়দ সাদিকুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার তাকে রাজধানী ঢাকা থেকে গোয়েন্দা পুলিশের একটি দল আটক করে। সাদিকুরের বিরুদ্ধে বিকাশ এজেন্টের ২৪ লাখ টাকা ছিনতাই, অবৈধ অস্ত্র রাখা, চাঁদাবাজি ও পর্নোগ্রাফি আইনের চারটি মামলা রয়েছে।

সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক হারান চন্দ্র দেশ রূপান্তরকে জানান, সাদিকুরকে গ্রেপ্তারের অভিযানে তার কাছ থেকে ছিনতাইয়ের চার লাখ টাকা উদ্ধার হয়েছে। এছাড়া একই অভিযানে তার সঙ্গে গ্রেপ্তার করা হয় সুমাইয়া শিমু নামে এক তরুণীকে। সাদিকুর এই নারীকে ব্যাবহার করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে ব্ল্যাকমেইল করত বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারের পর সাদিকুরকে গতকাল বুধবার সাতক্ষীরার আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করা হয় বলেও জানান পুলিশ পরিদর্শক হারান চন্দ্র।

গত ৩১ অক্টোবর সাতক্ষীরার কালিগঞ্জের পাওখালীতে এক বিকাশ এজেন্টের ২৪ লাখ টাকা ছিনতাই হয়। ওই ঘটনায় ছিনতাই চক্রের মূলহোতা হিসেবে আলোচনায় আসা সাদিকুরের দুই সহযোগী সাইফুল ও মামুনুল ইসলাম দ্বীপ গত ৩০ নভেম্বর পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত