জগদল সীমান্তের নাগর নদী থেকে যুবকের লাশ উদ্ধার

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৯, ০৮:০৭ পিএম

বালিয়াডাঙ্গী উপজেলার জগদল সীমান্তঘেঁষা নাগর নদী থেকে সাজু মিয়া (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার জগদল সীমান্তের বাংলাদেশের ৩৭৬/১ নম্বর পিলার এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। সাজু সদর উপজেলার ভালুকা গ্রামে সামশুল হকের ছেলে।

ঠাকুরগাঁও-৫০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএনএম সামীউন্নবী চৌধুরী জানান, গত বুধবার রাতে নাগরভিটা সীমান্ত দিয়ে কয়েকজন ভারতে অনুপ্রবেশের চেষ্টা করলে বিএসএফ তাদের ধাওয়া দেয়। তখন পালানোর সময় তাদের একজন নিখোঁজ হন। বৃহস্পতিবার সকালে নাগর নদীতে একজনের লাশ দেখে বিজিবির সদস্যরা পুলিশকে খবর দেন। পুলিশ বিকেলে তা উদ্ধার করে। লাশের গায়ে গুলির চিহ্ন পাওয়া যায়নি বলেও জানান তিনি।

বালিয়াডাঙ্গী থানার ওসি (তদন্ত) শরিফুল ইসলাম বলেন, লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত