রূপঙ্কর বাগচী। পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতশিল্পী। গানের জোরে ছাড়িয়েছেন কাঁটাতারের সীমানা। বাংলাদেশেও রয়েছে এই গায়কের ভক্ত-অনুরাগী। তাই এ দেশেও তিনি গান করেছেন।
তবে এত দিন রূপঙ্কর বাগচী কেবল একক গান করে এসেছেন। এবার তিনি কণ্ঠ মেলালেন একটি ডুয়েট গানে। গানটির নাম ‘ছুঁই ছুঁই’। কাজী শাহীনের লেখায় এ গানের সুর ও সংগীতায়োজন করেছেন রবিন ইসলাম। আর রূপঙ্কর বাগচীর সঙ্গে দ্বৈতভাবে গেয়েছেন মমতাজ রহমান লাবনী।
গানটি নিয়ে রূপঙ্কর বাগচী বলেন, ভীষণ মিষ্টি একটি গান। প্রেম বা রোম্যান্টিক গান যারা পছন্দ করেন, তাদের জন্য এটা সত্যিই চমৎকার উপহার। বাংলাদেশে আমি খুব বেশি কাজ করিনি। তবে যতগুলো করেছি, সবগুলোই খুব বেছে আর বুঝেশুনে করেছি। তাই এই গান নিয়েও আমার প্রত্যাশা অনেক।
রূপঙ্করের ‘ছুঁই ছুঁই’ গানের ভিডিও নির্মাণ করেছেন ফারহান আহমেদ রাফাত। তার সঙ্গে সহকারী হিসেবে ছিলেন আশিকুর রহমান। রাহুল বাপ্পীর চিত্রায়ণে ভিডিওতে মডেল হয়েছেন রিফাত ও কৃত্তিকা।
পুরো প্রোজেক্টটির ডিজাইন করেছেন সাদাত হোসেন। তিনি জানান, সরাইখানার ব্যানারে আগামী ২৫ ডিসেম্বর প্রকাশ হবে ‘ছুঁই ছুঁই’ গানটি।
