বিজয় দিবসের রাতে স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ২

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৯, ০২:১১ পিএম

দিনাজপুর সদর উপজেলার সীমান্তবর্তী এক গ্রামে দশম শ্রেণির এক ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ধর্ষণের ঘটনায় ওই ছাত্রীর মা থানায় মামলা করলে শুক্রবার রাতে অভিযান চালিয়ে ২ জনকে গ্রেপ্তার করে র‌্যাব।

সদর উপজেলার সুন্দরা গ্রাম থেকে র‌্যাব-১৩ অভিযুক্তদের আটকের পর কোতোয়ালি থানায় প্রেরণ করে।

ধর্ষণের শিকার স্কুলছাত্রী বর্তমানে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আটকরা হলেন- সদর উপজেলার সুন্দরা ঝুলকাপাড়া গ্রামের লাল মোহাম্মদের ছেলে মো. মোকছেদুল ইসলাম টুকলু (৩১) এবং সন্দুরা স্কুলপাড়া এলাকার মো. রফিকুল ইসলামের ছেলে মো. মাসুদ রানা (২৪)।

কোতোয়ালি থানা সূত্রে জানা গেছে, দিনাজপুর সদর উপজেলার নিজ স্কুলে ১৬ ডিসেম্বর বিজয় দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠান দেখে রাত সাড়ে ৯টার দিকে বাড়ি ফিরছিলেন ওই ছাত্রী।

পথে ৩ জন ব্যক্তি তাকে জোরপূর্বক ৩০০ গজ দূরে একটি পুকুর পাড়ে ধরে নিয়ে দলবদ্ধভাবে ধর্ষণ করে। এক পর্যায়ে ওই স্কুল ছাত্রী জ্ঞান হারিয়ে ফেললে ধর্ষকরা তাকে মৃত ভেবে পুকুরে নিক্ষেপ করে পালিয়ে যায়।

এ বিষয়ে ওই ছাত্রীর মা ১৮ ডিসেম্বর কোতোয়ালি থানায় মো. মোকছেদুল ইসলাম টুকলুসহ অজ্ঞাতনামা আরও দুই জনের বিরুদ্ধে মামলা করেন।

শুক্রবার রাতে র‌্যাব-১৩ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোকছেদুল ইসলাম ও মাসুদ রানাকে আটক করে। অপর আরেকজন আসামি পালিয়ে আছে বলে জানায় কোতোয়ালি থানা পুলিশ।

এর আগে শুক্রবার রাতে ধর্ষণের শিকার ওই স্কুলছাত্রীর পরিবারের সঙ্গে দেখা করতে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে যান দিনাজপুর জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম।

কোতোয়ালি থানার তদন্ত কর্মকর্তা বজলুর রশিদ বলেন, ‘স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় শুক্রবার রাতে দুইজন আসামিকে আটক হয়েছে। অপর আরেকজন আসামিকে ধরার চেষ্টা চলছে। আটক মাসুদ রানা ধর্ষণের কথা স্বীকার করেছেন। ধর্ষকদের সর্বোচ্চ আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হচ্ছে।’

এ বিষয়ে দিনাজপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. মাহমুদুল আলম বলেন, ‘আমরা কোনো অপরাধীকেই ছাড় দেব না। যাতে আর কোনো মেয়েকে কেউ ধর্ষণ করার সাহস না পায় সেজন্য তাদের কঠোর শাস্তির ব্যবস্থাও আমরা করব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত