আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ৪১ জনের নাম ঘোষণা করা হয়েছে। মোট ৮১টি পদের বাকিগুলো পরে ঘোষণা করা হবে।
শনিবার দুপুর দেড়টার দিকে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কমিটি ঘোষণা করেন।
এর আগে নবমবারের মতো আওয়ামী লীগের সভাপতি হন বঙ্গবন্ধু-কন্যা শেখ হাসিনা। আর সব গুঞ্জনের অবসান ঘটিয়ে টানা দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক হন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ঘোষিত কমিটির সভাপতিমণ্ডলীর সদস্যরা হলেন- সৈয়দা সাজেদা চৌধুরী, বেগম মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মদ নাসিম, কাজী জাফর উল্লাহ, অ্যাডভোকেট সাহারা খাতুন, নুরুল ইসলাম নাহিদ, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, পীযুষ কান্তি ভট্টাচার্য্য, ড. মো. আবদুর রাজ্জাক, লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, রমেশ চন্দ্র সেন, অ্যাডভোকেট আবদুল মান্নান খান, আবদুল মতিন খসরু, শাজাহান খান, জাহাঙ্গীর কবির নানক ও আবদুর রহমান।
যুগ্ম-সাধারণ সম্পাদকরা হলেন- মাহাবুব-উল-আলম হানিফ, ডা. দীপু মণি, ড. হাছান মাহমুদ ও আ ফ ম বাহাউদ্দীন নাছিম।
আন্তর্জাতিক সম্পাদক সাম্মী আক্তার, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নাজিবুল্লাহ হিরু, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নদী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন।
বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর, মহিলা বিষয়ক সম্পাদক হয়েছেন মেহের আফরোজ চুমকি, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, যুব ও ক্রীড়া সম্পাদক হারুন অর রশীদ, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক হয়েছেন শামসুন নাহার চাঁপা, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল এবং স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা।
সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন, বিএম মোজাম্মেল হক, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, এস এম কামাল হোসেন ও মির্জা আজম।
ঘোষিত কমিটিতে সভাপতিমণ্ডলীর নতুন সদস্য হয়েছেন- শাজাহান খান, জাহাঙ্গীর কবির নানক ও আবদুর রহমান। এদের শাজাহান খান একেবারেই নতুন। আর যুগ্ম-সাধারণ সম্পাদক থেকে পদোন্নতি পেয়েছেন জাহাঙ্গীর কবির নানক ও আবদুর রহমান।
পদোন্নতি পেয়ে যুগ্ম-সাধারণ সম্পাদক হয়েছেন প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ ও সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম।
আর এই কমিটিতে বাকি দুই নতুন মুখ হলেন আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নাজিবুল্লাহ হিরু এবং মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি।
উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়াকে পদোন্নতি দিয়ে দপ্তর সম্পাদক করা হয়েছে।
কমিটি থেকে শেখ হাসিনা, ওবায়দুল কাদের, ড. আবদুর রাজ্জাক, ডা. দীপু মনি ও ড. হাছান মাহমুদ ছাড়া বাকি সব মন্ত্রী-প্রতিমন্ত্রী বাদ পড়েছেন।
