বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবস উদ্যাপন উপলক্ষে দুস্থ ও এতিম শিশুদের মাঝে উন্নতমানের খাবার ও কম্বল বিতরণ করা হয়েছে।
পিলখানার পার্শ্ববর্তী মাদ্রাসা এবং এতিমখানার দুস্থ ও এতিম শিশুদের মধ্যে শনিবার বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম খাবার ও কম্বল বিতরণ করেন। বিজিবির এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সীমান্ত রক্ষার পাশাপাশি বিজিবির কর্মকাণ্ড সম্পর্কে জনসাধারণকে অবহিতকরণ এবং জনসাধারণকে সম্পৃক্তকরণের লক্ষ্যে বিভিন্ন ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কাজ করে থাকে। এরই ধারাবাহিকতায় বিজিবি দিবস উদ্যাপনের অংশ হিসেবে বিজিবি মহাপরিচালক পিলখানার পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার আনুমানিক দেড় হাজার দুস্থ ও এতিম শিশুদের মাঝে উন্নতমানের খাবার ও কম্বল বিতরণ করেন। মহাপরিচালক দুস্থ ও এতিম শিশুদের যেকোনো প্রয়োজনে এবং সার্বিক কল্যাণে তাদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন।
এ সময় বিজিবি’র ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, পিলখানার পার্শ্ববর্তী এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি পেশার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
