পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন সংশোধন দাবিতে বিক্ষোভ করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। গতকাল শনিবার সকালে খাগড়াছড়ির শাপলা চত্বরে বিক্ষোভ সমাবেশ করেছে সংগঠনটি।
সমাবেশে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বাঙালিদের প্রতিনিধিত্ব রাখা হয়নি। এতে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সাধারণ বাঙালি জনগোষ্ঠী সুবিচার না পাওয়ার শঙ্কা রয়েছে। অবিলম্বে কমিশনে পাহাড়ি-বাঙালি জনসংখ্যার অনুপাতে প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি জানানো হয়।
এ ছাড়া পার্বত্য চট্টগ্রামে কমিশনের শুনানি করতে দেওয়া হবে না বলে সমাবেশে হুঁশিয়ারি দেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নেতারা। সমাবেশের আগে জেলা শহরে বিক্ষোভ মিছিল করে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নেতাকর্মীরা।
প্রসঙ্গত, আগামী ২৩ ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন গঠনের ১৮ বছর পর প্রথমবারের মতো শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
