ব্লাসফেমি আইনে পাকিস্তানে শিক্ষকের মৃত্যুদণ্ড

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৯, ১২:৫৩ এএম

ধর্ম অবমাননার অভিযোগে পাকিস্তানে একটি বিশ্ববিদ্যালয়ের সাবেক লেকচারারকে মৃত্যুদণ্ড দিয়েছেন মুলতানের জেলা ও সেশন কোর্টের বিচারক।

মুলতানে বাহাউদ্দিন জাকারিয়া ইউনিভার্সিটিতে ইংরেজি সাহিত্য বিভাগে ভিজিটিং লেকচারার ছিলেন জুনায়েদ হাফিজ। ধর্ম অবমাননার অভিযোগে ২০১৩ সালের ১৩ই মার্চ তাকে গ্রেপ্তার করে পাকিস্তান পুলিশ। বিচারকাজ শুরু হয় ২০১৪ সালে।  

তার বিরুদ্ধে অভিযোগ তিনি ফেসবুকে ধর্ম অবমাননা হয় এমন বিষয় পোস্ট করেছেন।  হাফিজ ইসলামের নবী ও মুসলিমদের পবিত্র গ্রন্থ অবমাননা করেছেন বলেও অভিযোগ আনা হয়।

মৃত্যুদণ্ডের পাশাপাশি তাকে ৫ লাখ রুপি জরিমানাও করা হয়েছে। অনাদায়ে তাকে আরো ৬ মাসের জেল দিয়েছে আদালত।  নিউ সেন্ট্রাল জেল মুলতানে উচ্চ নিরাপত্তা সম্বলিত ওয়ার্ডে রাখা হয়েছে হাফিজকে।

মুলতানের ওই আদালত তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেয়েছে। দীর্ঘ বিচারকার্য শেষে শনিবার মৃত্যুদণ্ডের এই রায় দেয়া হয় বলে জানিয়েছে আল জাজিরা। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত