কিশোরগঞ্জে মহাসড়কে মরিয়ম নেছা (৪৮) নামে এক মুক্তিযোদ্ধার স্ত্রী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে।
রবিবার সকাল সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের সদর উপজেলার সগড়া মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মরিয়ম কটিয়াদি উপজেলার আদমপুর গ্রামের মুক্তিযোদ্ধা এ বি এম আলাউদ্দিনের স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে কটিয়াদি উপজেলার আদমপুর গ্রামের নিজ বাড়ি থেকে মুক্তিযোদ্ধা এ বি এম আলাউদ্দিন স্ত্রী মরিয়ম নেছাকে নিয়ে কিশোরগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে আসছিলেন।
পথে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের কিশোরগঞ্জ সদর উপজেলার সগড়া মোড় এলাকায় আসতেই মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পেছনে বসা মরিয়ম রাস্তায় ছিটকে পড়ে যান।
এ সময় পেছন দিক থেকে আসা একটি ট্রাকের নিচে পৃষ্ট হয়ে মরিয়ম ঘটনাস্থলেই মারা যান।
কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু বাক্কার সিদ্দিক জানান, নিহতের মৃতদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
