বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী স্মরণীয় করে রাখতে এবং শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধুর ত্যাগ আর মহত্ত্বের কথা ছড়িয়ে দিতে বিভিন্ন স্কুলে গিয়ে শিক্ষার্থীদের বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ে পাঠদান করিয়েছেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আহাদ।
রবিবার দুপুরে সুনামগঞ্জ শহর বালিকা প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার ও মুক্তিযুদ্ধ পাঠাগার স্থাপনের কাজ পরিদর্শন শেষে শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধ বিষয়ে পাঠদান করান তিনি।
এ সময় জাতির জনকের জন্মশতবার্ষিকী উদ্যাপনকে স্মরণীয় করে রাখতে সুনামগঞ্জ ১১টি উপজেলায় ১৪৬৬টি প্রাথমিক বিদ্যালয়ে মহান মুক্তিযুদ্ধ ও জাতির পিতাকে জানার জন্য বঙ্গবন্ধু কর্নার ও মুক্তিযুদ্ধ পাঠাগার স্থাপনের কাজ পরিদর্শন করেন জেলা প্রশাসক ।
সুনামগঞ্জ সদর উপজেলার বারঘড় সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন স্কুলে গিয়ে শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধ বিষয়ে পাঠদান করান জেলা প্রশাসক।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান, সুনামগঞ্জ শহর বালিকা প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নাসরিন আক্তার খানম প্রমুখ।
