চার দশকেরও বেশি সময় পর কিউবায় প্রথম প্রধানমন্ত্রীকে নিয়োগ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মিগেল দিয়াজ-কানেল। পর্যটনবিষয়ক মন্ত্রী ম্যানুয়েল মাররেরো ক্রুজ গত শনিবার এ পদে নিয়োগ পান বলে জানিয়েছে বিবিসি। ক্যারিবিয়ান দেশটিতে সর্বশেষ এ পদে ছিলেন ফিদেল ক্যাস্ট্রো। ১৯৭৬ সালে তার তত্ত্বাবধানেই প্রধানমন্ত্রী পদটি বিলুপ্ত হয়ে কিউবায় প্রেসিডেন্ট নেতৃত্বাধীন সরকারব্যবস্থা চালু হয়েছিল। চলতি বছরের শুরুতে পাস হওয়া নতুন সংবিধানে প্রধানমন্ত্রী পদটি ফিরিয়ে আনা হয়। শনিবার ন্যাশনাল অ্যাসেম্বলির ডেপুটিরা সর্বসম্মতিক্রমে মাররেরোর প্রধানমন্ত্রী পদে নিয়োগকে অনুমোদন দেন। ফিদেল ক্যাস্ট্রো ২০০৪ সালে মাররেরোকে দেশটির পর্যটনবিষয়ক মন্ত্রী করেন। এরপর থেকে দ্বীপ দেশটির পর্যটন খাতে ব্যাপক অগ্রগতি লক্ষ করা গেছে। প্রধানমন্ত্রী হওয়ার পরও মাররেরো আগের দায়িত্বে বহাল থাকবেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
×
